৩১ আগস্ট পর্যন্ত সময় পেল ১৫ দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইনানুযায়ী নির্ধারিত সময়ে আয়-ব্যয়ের হিসাব জমা দিতে ব্যর্থ ১৫টি রাজনৈতিক দলকে ৩১ আগস্ট পর্যন্ত সময় দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আজ রোববার ইসির বৈঠকে এই সিদ্ধান্ত হয়।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দীন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে অনলাইনে নতুন ভোটার নিবন্ধন ও পরিচয়পত্র সংশোধনের সুযোগ রাখার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়।

বৈঠক শেষে জানতে চাইলে নির্বাচন কমিশনার মো. শাহ নেওয়াজ সাংবাদিকদের বলেন, যেসব দল নির্ধারিত সময়ে আয়-ব্যয়ের হিসাব জমা দেয়নি, তাদের ৩১ আগস্টের মধ্যে হিসাব জমা দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে।

গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী, প্রতিবছরের ৩১ জুলাইয়ের মধ্যে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে আগের পঞ্জিকা বছরের আয়-ব্যয়ের হিসাব জমা দিতে হবে। এ বছর নির্ধারিত সময়ের মধ্যে ২৫টি দল হিসাব জমা দিয়েছে। ১২টি দল সময় চেয়েছে। এর মধ্যে ক্ষমতাসীন আওয়ামী লীগ এবং জাতীয় সংসদের প্রধান বিরোধী দল জতীয় পার্টি রয়েছে। তিনটি দল হিসাব জমা দেয়নি, সময় বাড়ানোর আবেদনও করেনি।

ইসি সচিবালয় সূত্র জানায়, প্রতিবছর বাড়ি বাড়ি গিয়ে নতুন ভোটারদের নাম অন্তর্ভুক্তির নানান সমস্যার কথা বিবেচনায় নিয়ে ইসি অনলাইনে ভোটার নিবন্ধন ও সংশোধনের সুযোগ রাখতে চায়। এ জন্য একটি সফটওয়্যারও তৈরি করা হয়েছে। তবে আরও পরীক্ষা-নিরীক্ষা করে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

বৈঠকে সিইসি ছাড়াও নির্বাচন কমিশনার আবদুল মোবারক, আবু হাফিজ, জাবেদ আলী ও মো. শাহ নেওয়াজ এবং নির্বাচন কমিশন কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।