বাণিজ্যিক কাজে ব্যবহৃত বনানী ১১ নম্বর সড়কের প্লট
৩১ আগস্টের মধ্যে অনুমতি না নিলে বরাদ্দ বাতিল
বনানী ১১ নম্বর সড়কটিকে ২০০২ সালে বাণিজ্যিক সড়ক হিসেবে ঘোষণা করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। রাজউক বলছে, যেসব প্লট মালিক এখনো বাণিজ্যিক প্লটে রূপান্তর ফি জমা দেননি, সেসব প্লটে অবস্থিত প্রতিষ্ঠানগুলোর নাম উঠেছে অননুমোদিত প্রতিষ্ঠানের তালিকায়। ৩১ আগস্টের মধ্যে এসব প্লট বাণিজ্যিকভাবে ব্যবহারের অনুমতি না নিলে প্লটের বরাদ্দ বাতিলসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
রাজউক আবাসিক প্লটে অননুমোদিতভাবে গড়ে ওঠা রেস্তোরাঁ, আবাসিক হোটেল, শিক্ষাপ্রতিষ্ঠান ও হাসপাতালের তালিকা করেছে। তাদের করা সর্বশেষ তালিকায় বনানী ১১ নম্বর সড়কেরই ৬৪টি প্রতিষ্ঠানের নাম রয়েছে।
রাজউক সূত্রে জানা যায়, বনানী ১১ নম্বর সড়ককে বাণিজ্যিক ঘোষণা করায় সড়কের উভয় পাশেই বাণিজ্যিকভাবে ব্যবহারের সুযোগ পেয়েছেন প্লট মালিকেরা। কিন্তু অর্ধেকের বেশি প্লট মালিক সরকারের নিয়ম অনুযায়ী রূপান্তর ফি জমা দেননি। প্লট মালিকেরা রূপান্তর ফি না দিয়ে বছরের পর বছর ধরে আবাসিক প্লট বাণিজ্যিকভাবে ব্যবহার করছেন।
গত বৃহস্পতিবার গণমাধ্যমে দেওয়া এক বিজ্ঞপ্তিতে রাজউকের পক্ষ থেকে বলা হয়, বনানী ১১ নম্বর সড়কের উভয় পাশের প্লট মালিকদের অনেকে এখনো তাঁদের প্লট বাণিজ্যিক হিসেবে ব্যবহারের অনুমতি নেননি। ৩১ আগস্টের মধ্যে এসব প্লট বাণিজ্যিকভাবে ব্যবহারের অনুমতি না নিলে প্লটের বরাদ্দ বাতিলসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বনানী ১১ নম্বর সড়কের প্রতি কাঠা বাণিজ্যিক করতে রূপান্তর ফি লাগবে ৩০ লাখ টাকা।
গত বৃহস্পতিবার বনানী ১১ নম্বর সড়ক সরেজমিন ঘুরে এবং বিভিন্ন প্রতিষ্ঠানের লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, একই প্লটের কিছু বাণিজ্যিক প্রতিষ্ঠানের নাম রাজউকের তালিকায় আছে, আবার কয়েকটির নাম নেই। একটি প্লট যদি বাণিজ্যিক না হয়ে থাকে, তাহলে সে প্লটে অবস্থিত সব প্রতিষ্ঠানের নামই অননুমোদিত বাণিজ্যিক প্রতিষ্ঠানের তালিকায় থাকার কথা। রাজউকের লোকজন সরেজমিন না দেখে এবং ব্যবসায়ীদের সঙ্গে কথা না বলে তালিকা প্রস্তুত করায় এমনটি হয়েছে বলে ব্যবসায়ীরা দাবি করেন।
এ বিষয়ে রাজউকের সদস্য (উন্নয়ন ও পরিকল্পনা) আবদুর রহমান প্রথম আলোকে বলেন, পুরো ভবন বাণিজ্যিক অনুমতি নিয়ে থাকলে সেই ভবনের সব প্রতিষ্ঠানই বৈধ। বনানী ১১ নম্বর সড়কের অনেক প্লট মালিক এখনো বাণিজ্যিক প্লটে রূপান্তর ফি জমা না দেওয়ায় তালিকায় নাম এসেছে। কোনো ভবনের দু-একটি প্রতিষ্ঠানের নাম বাদ পড়তে পারে। কোনটির নাম এসেছে, কোনটির আসেনি তা মূল বিষয় না। ওই ভবনটি বাণিজ্যিক হতে হবে, সেটাই আসল বিষয়।
১১ নম্বর সড়কের এফ ব্লকের ৫৬ নম্বর প্লটে নতুন ভবন নির্মাণ করা হয়েছে। পুরো ভবন এখনো চালু হয়নি। দেখা যায়, নিচতলায় তিনটি প্রতিষ্ঠান থাকলেও দুটির নাম অননুমোদিত হিসেবে তালিকায় এসেছে, আরেকটি বাদ পড়েছে। ভবনটি আবাসিক হলে সব প্রতিষ্ঠানের নাম তালিকায় আসার কথা ছিল, আর ভবন বাণিজ্যিক হলে কোনোটিরই নাম তালিকাভুক্ত হওয়ার কথা নয়।
ভবনের ব্যবস্থাপক আল-আমিন মিয়া বলেন, ‘এই ভবনের বাণিজ্যিক অনুমোদন আছে, তবু কেন তালিকায় কিছু প্রতিষ্ঠানের নাম আসছে কেউ বুঝতেছে না। তালিকা করার আগে রাজউকের কোনো লোকজন এখানে আসে নাই।’
একই চিত্র দেখা যায়, ডি ব্লকের ৪৯ নম্বর ভবনেও। এই ভবনের তিনটি রেস্তোরাঁর নাম এসেছে রাজউকের তালিকায়। নাম আসেনি একটি ব্যাংকের শাখা ও অন্য একটি প্রতিষ্ঠানের। সি ব্লকের ৯৯ সড়কের একটি রেস্তোরাঁ ও একটি বিশ্ববিদ্যালয়ের নাম এলেও ওই ভবনে অবস্থিত একটি ব্যাংকের শাখার নাম আসেনি।