নেত্রকোনার কেন্দুয়া পৌরসভা নির্বাচনে ৩১ জন কাউন্সিলর প্রার্থীর মধ্যে মাত্র দুজন স্নাতক পাস। ১৭ জনই স্বশিক্ষিত, স্বাক্ষরজ্ঞানসম্পন্ন পাঁচজন এবং একজন অক্ষরজ্ঞানসম্পন্ন। একজন স্নাতকে অধ্যয়নরত, এইচএসসি পাস একজন এবং এসএসসি ও অষ্টম শ্রেণি উত্তীর্ণ প্রার্থী রয়েছেন দুজন করে চারজন। রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে জমা দেওয়া তাঁদের হলফনামা সূত্রে এ তথ্য জানা গেছে।
রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে থাকা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় সূত্র জানায়, পৌরসভার নয়টি সাধারণ আসনে (ওয়ার্ড) কাউন্সিলর পদে ৩৫ জন মনোনয়নপত্র জমা দেন। এর মধ্যে চারজন মনোনয়নপত্র প্রত্যাহার করায় এখন প্রতিদ্বন্দ্বিতায় আছেন ৩১ জন।
হলফনামা ঘেঁটে দেখা গেছে ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদে প্রার্থী হলেন পাঁচজন। এর মধ্যে নূরুল ইসলাম ‘স্নাতক’ পাস। তা ছাড়া সিরাজুল ইসলাম ‘এইচএসসি’ ও হাবিবুর রহমান ‘অষ্টম’ শ্রেণি পাস। এ ওয়ার্ডের অপর প্রার্থী যথাক্রমে আবুল হাসনাত ও আতিকুর রহমান স্বশিক্ষিত। ২ নম্বর ওয়ার্ডের রফিকুল ইসলাম তালুকদার ও গেদু স্বশিক্ষিত ও হাফিজুর রহমান স্বাক্ষরজ্ঞানসম্পন্ন। ৩ নম্বর ওয়ার্ডের প্রার্থী মো. আবুল মিয়া ও মো. আবদুল মালেক তালুকদার স্বশিক্ষিত। ৪ নম্বর ওয়ার্ডের প্রার্থীদের মধ্যে আরিফুল ইসলাম এসএসসি পাস। এ ছাড়া মজিবুর রহমান ও মো. নিজাম উদ্দিন কবিরাজ স্বশিক্ষিত এবং মো. সামছু মিয়া স্বাক্ষরজ্ঞানসম্পন্ন।
৫ নম্বর ওয়ার্ডের প্রার্থী হলেন পাঁচজন। এর মধ্যে মো. সাইদুল ইসলাম, শহিদ মিয়া ও আনিছুর রহমান স্বশিক্ষিত। এ ছাড়া আবদুল্লাহ আল-মামুন স্বাক্ষরজ্ঞান ও নূরু মিয়া অক্ষরজ্ঞানসম্পন্ন। ৬ নম্বর ওয়ার্ডের প্রার্থীদের মধ্যে তরুণ সাহা ও মনিরুজ্জামান খন্দকার স্বাক্ষরজ্ঞানসম্পন্ন। ৭ নম্বর ওয়ার্ডের মো. আক্কাছ মিয়া, মো. সিদ্দিক ও মো. আবদুল কাদির ভূঁইয়া স্বশিক্ষিত। ৮ নম্বর ওয়ার্ডের পাঁচজন প্রার্থীর মধ্যে মো. তৌহিদুল ইসলাম স্নাতকে অধ্যয়নরত। এ ছাড়া মোফাজ্জল হোসেন এসএসসি ও আলয় রায় অষ্টম শ্রেণি পাস। হাবুল খান ও মো. শহিদ মিয়া স্বশিক্ষিত। ৯ নম্বর ওয়ার্ডের আবদুল কাইয়ূম স্নাতক বিএসএস উত্তীর্ণ প্রার্থী ও জহিরুল হক ভূঁইয়া স্বশিক্ষিত।
১ নম্বর সংরক্ষিত আসনে কাউন্সিলর পদে দুই প্রতিদ্বন্দ্বীর মধ্যে ফরিদা ইয়াসমিন এসএসসি পাস এবং মনোয়ারা আক্তার স্বাক্ষরজ্ঞানসম্পন্ন। তা ছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ২ নম্বর আসনের কাউন্সিলর কল্পনা আক্তার অক্ষরজ্ঞানসম্পন্ন এবং ৩ নম্বর ওয়ার্ডের শাহানাজ বেগম নবম শ্রেণি পাস।