পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক-সংকট প্রকট। সেখানে চিকিৎসকের ৩১টি পদ রয়েছে। কিন্তু এর মধ্যে ২৭টিই পদই শূন্য। তা ছাড়া কর্মরত ৪ জন চিকিৎসকের মধ্যে ১ জন বনিয়াদি প্রশিক্ষণে রয়েছেন। আরেকজন হজ করতে গেছেন সৌদি আরব। এ কারণে চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে।
এদিকে স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন ভবনে ফাটল দেখা দিয়েছে। পুরোনো ভবনের ছাদের পলেস্তারা খসে পড়ছে। বৃষ্টিতে ছাদ চুঁইয়ে পানি পড়ে।
কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, ২০০৭ সালে এই স্বাস্থ্য কমপ্লেক্সটি ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত করা হয়। এতে ৩১ জন চিকিৎসক থাকার কথা। কিন্তু দীর্ঘ দিন ধরে আছেন মাত্র ৪ জন। অস্ত্রোপচার (সার্জারি), মেডিসিন, গাইনি, চক্ষু, শিশু, অর্থোপেডিকস, কার্ডিও, চর্ম, অ্যানেসথেসিয়া (অবেদনবিদ) ও ইএনটি বিভাগের ১০টি কনিষ্ঠ পরামর্শকের পদ শূন্য। সম্প্রতি নাজিরপুর ও নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ২ জন চিকিৎসককে প্রেষণে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পদায়ন করা হয়েছে। ওই দুই চিকিৎসক সপ্তাহে তিন দিন করে চিকিৎসাসেবা দেন। বিশেষজ্ঞ চিকিৎসক না থাকায় অনেক রোগীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
গত বৃহস্পতিবার দুপুরে সরেজমিনে দেখা গেছে, বহির্বিভাগে রোগীদের ভিড়। আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সৌমিত্র সিনহা রায় ও ৩ জন উপসহকারী কমিউনিটি চিকিৎসা কর্মকর্তা রোগীদের চিকিৎসাসেবা দিচ্ছেন।
উপজেলার আমড়াগাছিয়া গ্রাম থেকে চিকিৎসা নিতে আসা আসাদুল মিয়া (৮০) প্রথম আলোকে বলেন, সকাল নয়টার দিকে চিকিৎসক দেখাতে তিনি এখানে এসেছেন। সাড়ে তিন ঘণ্টা অপেক্ষার পর চিকিৎসক দেখিয়েছেন।
আরএমও সৌমিত্র সিনহা রায় বলেন, ‘চিকিৎসক-সংকটের কারণে হিমশিম খাচ্ছি। রোগী সামলাতে হয়, আবার দাপ্তরিক কাজও করতে হয়। সেই সকাল আটটায় রোগী দেখা শুরু করেছি। বেলা আড়াইটা পর্যন্ত জরুরি বিভাগ, অন্তবিভাগ ও বহির্বিভাগে প্রায় ১০০ রোগীকে চিকিৎসা দিতে হয়েছে। প্রায় প্রতিদিন প্রসূতিদের অস্ত্রোপচার করতে হচ্ছে। আবার রাতেও ডিউটি করতে হয়। একজন চিকিৎসক সপ্তাহে ৪৮ ঘণ্টা কাজ করার নিয়ম থাকলেও আমাদের ৮০ থেকে ৯০ ঘণ্টাও কাজ করতে হচ্ছে।’
টিকিট বিক্রয়কেন্দ্র সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ১৮৬ জন নারী ও পুরুষ টিকিট কেটে বহির্বিভাগে চিকিৎসাসেবা নিয়েছেন। প্রতিদিন বহির্বিভাগে গড়ে ১৫০ জন চিকিৎসা নিতে আসেন। বৃহস্পতিবার ৫২ জন রোগী ভর্তি ছিলেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. বশির আহমেদ বলেন, চিকিৎসক-সংকট ও জরাজীর্ণ ভবনের কথা জানিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে কয়েকবার চিঠি দেওয়া হয়েছে। কিন্তু কোনো প্রতিকার হয়নি।
ভারপ্রাপ্ত সিভিল সার্জন মো. ইদ্রিস মিয়া বলেন, মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক-সংকটের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অবহিত আছে।