৩১ চিকিৎসকের ২২ জনই নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিকিৎসক, সেবিকা, তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মকর্তা-কর্মচারী মিলিয়ে হাসপাতালটিতে মোট পদ আছে ৫০৪টি। এর মধ্যে ১৫৫টিই শূন্য। ৩১ জন চিকিৎসকের মধ্যে ২২ জনই নেই। এ চিত্র পাবনা মানসিক হাসপাতালের। দীর্ঘদিন ধরে চিকিৎসক ও লোকবল-সংকটের কারণে হাসপাতালের কার্যক্রম খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে। বারবার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর পরও শূন্য পদে লোক নিয়োগের কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। ফলে হাসপাতালে চিকিৎসা কার্যক্রম ব্যাহত হচ্ছে।হাসপাতাল সূত্রে জানা গেছে, ১৯৫৭ সালে পাবনার হেমায়েতপুরে ১১১ একর জমির ওপর ৫০ শয্যার হাসপাতালটি যাত্রা শুরু করে। পরে রোগীর চাপ বৃদ্ধি ও চাহিদা বিবেচনা করে এটিকে ৫০০ শয্যায় উন্নীত করা হয়। শয্যা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ে কর্মকর্তা-কর্মচারীর শূন্যপদ। বহির্বিভাগ, অন্তর্বিভাগ ও বিনোদনমূলক চিকিৎসা বিভাগে রোগীদের চিকিৎসা ও সেবার জন্য হাসপাতালে চিকিৎসক, সেবিকা, তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মকর্তা-কর্মচারীর ৫০৪টি পদ সৃষ্টি হয়, কিন্তু দীর্ঘদিনেও পদগুলোতে পরিপূর্ণভাবে লোকবল দেওয়া হয়নি।হাসপাতাল সূত্র আরও জানায়, পাবনা মেডিকেল কলেজের অধ্যক্ষ বর্তমানে মানসিক হাসপাতালের পরিচালক হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। এ ছাড়া সুপারিনটেনডেন্ট, ক্লিনিক্যাল সাইকিয়াট্রিস্ট, আবাসিক সাইকিয়াট্রিস্ট, আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও), ক্লিনিক্যাল প্যাথলজিস্ট, সিনিয়র স্টোর ফার্মাসিস্ট, ফিজিওথেরাপিস্ট (এসএলপিপি), ডেন্টাল সার্জন, বায়োকেমিস্ট ও অবেদনবিদের জন্য একটি করে পদ রয়েছে; যার প্রতিটিই শূন্য। সহকারী রেজিস্ট্রারের তিনটি পদের সব কটি শূন্য, জ্যেষ্ঠ পরামর্শকের দুটি পদের দুটিই শূন্য, ক্লিনিক্যাল অ্যাসিস্ট্যান্টের নয়টি পদের পাঁচটি শূন্য এবং চিকিৎসা কর্মকর্তার সাতটি পদের দুটি শূন্য রয়েছে।হাসপাতালে ১২৮ জন জ্যেষ্ঠ সেবিকার (সিনিয়র নার্স) মধ্যে ৪৮ জন ও ৪৫ জন স্টাফ নার্সের মধ্যে ১৯টি পদ শূন্য রয়েছে। প্রশাসনিক কর্মকর্তা প্রেষণে খুলনায় রয়েছেন। সহকারী সেবক, লন্ড্রি সুপারভাইজার, প্রধান সহকারী, স্ট্যানোগ্রাফার, স্টুয়ার্ড ও ওয়ার্ড মাস্টারের প্রতিটি পদই শূন্য রয়েছে। ছয়জন সহকারী থেরাপিস্টের পদে কাজ করছেন চারজন। দুজন অবসর প্রস্তুতিকালীন ছুটিতে (এলপিআরে) যাওয়ার পর নতুন করে এ পদে আর নিয়োগ হয়নি। হাসপাতাল মসজিদের ইমামের পদটি শূন্য। ক্যাশিয়ার সাময়িক বরখাস্ত। অফিস সহকারী কাম মুদ্রাক্ষরিকের পাঁচটি পদের মধ্যে দুটি খালি। ৪০ জন এমএলএসএসের মধ্যে রয়েছেন ২৬ জন। ৭০টি ওয়ার্ডবয় পদের মধ্যে ২৩টি শূন্য। ২০ জন কুক মশালচির মধ্যে রয়েছেন ১২ জন। ৩০টি সুইপার পদের মধ্যে কাজ করছেন ২০ জন। এর বাইরে দুটি ইইজি টেকনিশিয়ানের পদের মধ্যে একটি এবং টেলিফোন অপারেটরের তিনটির মধ্যে একটি পদ শূন্য রয়েছে। নাম প্রকাশ না করার শর্তে হাসপাতালের একজন চিকিৎসক বলেন, প্রতিদিনই হাসপাতালে রোগীর চাপ বাড়ছে। প্রতিবছর গড়ে এই হাসপাতালের বহির্বিভাগে ২০ হাজার ও অন্তর্বিভাগে এক হাজার ২০০ রোগীর চিকিৎসা দেওয়া হয়, কিন্তু লোকবল-সংকটের কারণে রোগীদের প্রকৃত সেবা দেওয়া সম্ভব হয় না। রোগীদের আত্মীয়স্বজনের অভিযোগ, অন্তর্বিভাগে রোগীদের কী চিকিৎসা বা সেবা দেওয়া হয়, তা তাদের অবগত করা হয় না। তবে বহির্বিভাগে অনেক সময় রোগী নিয়ে নানা ধরনের জটিলতায় পড়তে হয়। অনেক সময় দূর-দূরান্ত থেকে আসা রোগীদের চিকিৎসাপ্রাপ্তির জন্য দিনের পর দিন অপেক্ষা করতে হয়। হাসপাতালের পরিচালক এ এস এম আকরাম হোসেন প্রথম আলোকে বলেন, ‘লোকবল-সংকট থাকলে স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হওয়ার বিষয়টি অস্বীকার করা যায় না। এর পরও আমরা রোগীদের প্রয়োজনীয় সেবা দেওয়ার চেষ্টা করছি। শূন্যপদগুলো পূরণের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে জানানো হয়েছে। তবে এখনো ঘাটতি পূরণের কোনো ব্যবস্থা হয়নি।’