দীর্ঘদিন ধরে প্রকট শিক্ষক-সংকটের মধ্যদিয়ে চলছে চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের পাঠদান কার্যক্রম। এমনিতেই এখানে প্রয়োজনের তুলনায় শিক্ষকের পদের সংখ্যা কম। তার ওপর যে কটি পদ আছে, তারও অর্ধেকেরও কম শিক্ষক কর্মরত। ছয়টি বিষয়ের কোনো শিক্ষকই নেই। নেই কোনো ছাত্রী হোস্টেলও। অথচ এটি জেলার একমাত্র মহিলা কলেজ।
কথা হয় ইতিহাস (সম্মান) বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী সামজিদা মহল, দিলরুবা খাতুন ও বেহেস্তী খাতুনের সঙ্গে। তাঁরা বলেন, তৃতীয় বর্ষে আটটি কোর্স রয়েছে। অথচ ক্লাস হয় না বললেই চলে। এদিকে এই তিনজনের মধ্যে সামজিদা কলেজে আসেন প্রায় ৩৫ কিলোমিটার দূরের শিবগঞ্জ উপজেলার খাসের হাট এলাকা থেকে। আর দিলরুবা আসেন নাচোল উপজেলার হাটবাকইল এলাকা থেকে। তাঁরা ক্ষোভের সঙ্গে বলেন, এটা জেলার একমাত্র সরকারি মহিলা কলেজ। অথচ এর কোনো ছাত্রী হোস্টেল নেই। ভীষণ কষ্ট করে তাঁদের কলেজে আসা-যাওয়া করতে হয়।
ইতিহাস বিভাগের একমাত্র শিক্ষক প্রকাশ চন্দ্রশীল বলেন, উচ্চমাধ্যমিক, স্নাতক (পাস) ও স্নাতক (সম্মান) বিভাগের বিভিন্ন বর্ষের ক্লাস নেওয়া একজন শিক্ষকের পক্ষে সামাল দেওয়া কঠিন। সম্মান শ্রেণির ক্লাস নিতে হলে অন্তত কিছু প্রস্তুতি নিয়ে শ্রেণিকক্ষে ঢোকা দরকার। কিন্তু সে সময়টুকুও পাওয়া যায় না বলে জানান তিনি।
অধ্যক্ষ নজরুল ইসলাম জানান, এ শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকের পদ আছে মোট ৩১টি। কিন্তু কর্মরত আছেন মাত্র ১৩ জন। এ ছাড়া গণিত, উদ্ভিদবিদ্যা, অর্থনীতি, দর্শন, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) ও গার্হস্থ্য বিজ্ঞান বিভাগে শিক্ষক নেই দীর্ঘদিন। ইতিহাস বিভাগে শিক্ষক আছেন মাত্র একজন। তিনি একাই স্নাতক (সম্মান), স্নাতক (পাস) ও উচ্চমাধ্যমিক পর্যায়ে পাঠদান করেন। একজনের পক্ষে এত ক্লাস নেওয়া কোনোমতেই সম্ভব না। ফলে শিক্ষার্থীরা পাঠ গ্রহণ থেকে বঞ্চিত হচ্ছে চরমভাবে।
এ ছাড়া তিনজন প্রদর্শকের মধ্যে আছে মাত্র একজন। প্রদর্শক ছাড়া জীববিদ্যা ও রসায়নের ব্যবহারিক ক্লাস হয় না বললেই চলে। শুধু তা-ই নয়, এখানে গ্রন্থাগারিক, প্রধান সহকারী, হিসাবরক্ষক, অফিস সহকারী, এমএলএস নেই ১০ বছর ধরে। এসব পদের কাজ সারেন বেয়ারা পদে নিয়োগ দেওয়া দুই ব্যক্তি।
অধ্যক্ষ নজরুল ইসলাম আরও বলেন, শিক্ষকদের শূন্যপদের লিখিত বিবরণ প্রতি মাসেই মাধ্যমিক ও উচ্চশিক্ষা দপ্তরে পাঠানো হয়। কিন্তু কোনো লাভ হচ্ছে না। জেলার একমাত্র সরকারি মহিলা কলেজ হওয়া সত্ত্বেও চরম অবহেলার শিকার এ শিক্ষাপ্রতিষ্ঠান।