৩১ জনকে আসামি করে মামলা
নির্বাচনী বিরোধিতার জেরে বরগুনা সদরের আয়লা-পাতাকাটা ইউনিয়নের আদমবাজার এলাকায় গত সোমবার রাতে প্রতিপক্ষের ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালিয়ে লুটপাট ও মারধরের ঘটনায় ৩১ জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী খন্দকার গোলাম কবির বাদী হয়ে মঙ্গলবার রাতে বরগুনা থানায় এই মামলাটি করেন। মামলায় বরগুনা জেলা পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেনের ছোট ভাই মোশাররফ হোসেনকে প্রধান আসামি করা হয়েছে।
বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রিয়াজ হোসেন মামলা দায়েরের কথা স্বীকার করেছেন।
এদিকে মামলার বাদী খন্দকার গোলাম কবির গত বৃহস্পতিবার অভিযোগ করেন, মামলা করার পর থেকে হামলাকারীরা প্রকাশ্যে তাঁকে হুমকি দিচ্ছেন। আসামিদের ভয়ে তিনি গা ঢাকা দিয়ে আছেন।
বৃহস্পতিবার আদমবাজারে গিয়ে দেখা গেছে, বাজারটির অধিকাংশ দোকানপাট বন্ধ। লোকজনের আনাগোনাও নেই।
বরগুনা সদর উপজেলার আয়লা-পাতাকাটা ইউনিয়নের আদমবাজার এলাকায় হামলা চালিয়ে পাঁচটি দোকানের মালামাল লুট ও আওয়ামী লীগের স্থানীয় কার্যালয়ে ভাঙচুর করা হয়।
এ নিয়ে মঙ্গলবার প্রথম আলোয় ‘জেলা পরিষদ নির্বাচনে বিরোধের জের? বরগুনায় পাঁচ দোকানে ভাঙচুর লুটপাট’ শিরোনামে খবর ছাপা হয়।