৩১ জানুয়ারির মধ্যে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রিকেট বিশ্বকাপ সামনে রেখে ৩১ জানুয়ারির মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে। গতকাল শুক্রবার সমন্বয় কমিটির সভায় এ আহ্বান জানানো হয়।গতকাল সকালে জহুর আহম্মদ চৌধুরী বিভাগীয় স্টেডিয়ামে বিশ্বকাপ প্রস্তুতির জন্য গঠিত এই কমিটির সভা হয়। এতে সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার মো. সিরাজুল হক খান। সভায় নগরের সৌন্দর্য বর্ধনের লক্ষ্যে সব প্রধান সড়কে যত্রতত্র ঝুলন্ত কেব্ল সরানোর নির্দেশ দেওয়া হয়। এ ছাড়া সড়কের পাশের পোল রং করা, যানবাহনের হেডলাইটে রং করা, জলাবদ্ধতা নিরসন, নগরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার নির্দেশনা দেওয়া হয়। ঝুলন্ত তার সরানো ও পোল রং করার কাজ ১০ ফেব্রুয়ারির মধ্যে শেষ করার আহ্বান জানানো হয়। তবে ৩১ জানুয়ারির মধ্যে সব কাজ শেষ করার ওপর জোর দেওয়া হয়।১৫ জানুয়ারি প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মোহাম্মদ আবদুল করিম চট্টগ্রামের বিশ্বকাপ প্রস্তুতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। ওই দিন নগরের সার্কিট হাউসে এক সভায় তিনি বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ, সিটি করপোরেশন, সিডিএ, ক্রীড়া সংগঠকসহ বিভিন্ন পক্ষের সঙ্গে বৈঠক করেন। নির্ধারিত সময়ে কাজ শেষ না করায় তিনি সিটি করপোরেশনের কর্মকর্তাদের ভর্ৎসনা করেন।গতকাল সমন্বয় কমিটির সভায় সিটি করপোরেশনের প্রধান নির্বাহী মঞ্জুর ই ইলাহী, সচিব সামশুদ্দোহা, নগর পুলিশের উপকমিশনার (বন্দর) কুসুম দেওয়ানসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।