৩১ জানুয়ারির মধ্যে স্থায়ীকরণের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিমান সদর দপ্তর বলাকা ভবনে আজ বৃহস্পতিবার চাকরি স্থায়ীকরণের দাবিতে সমাবেশ করে শ্রমিক-কর্মচারীদের নির্বাচিত ইউনিয়ন (সিবিএ)। বিমান সদর দপ্তর, ঢাকা, ৪ জানুয়ারি। ছবি: প্রথম আলো
বিমান সদর দপ্তর বলাকা ভবনে আজ বৃহস্পতিবার চাকরি স্থায়ীকরণের দাবিতে সমাবেশ করে শ্রমিক-কর্মচারীদের নির্বাচিত ইউনিয়ন (সিবিএ)। বিমান সদর দপ্তর, ঢাকা, ৪ জানুয়ারি। ছবি: প্রথম আলো

৩১ জানুয়ারির মধ্যে চাকরি স্থায়ী না হলে পরদিন থেকে নির্দিষ্ট সময়ের বাইরে (ওভারটাইম) কাজ করবেন না বিমানের শ্রমিকেরা। আজ বৃহস্পতিবার বিমান সদর দপ্তর বলাকা ভবনে চাকরি স্থায়ীকরণের দাবিতে আয়োজিত এক সমাবেশে এ ঘোষণা দেন শ্রমিক-কর্মচারীদের নির্বাচিত ইউনিয়ন (সিবিএ) বিমান শ্রমিক লীগের সভাপতি মুশিকুর রহমান।

বিমানের ২ হাজার ২০০ অস্থায়ী শ্রমিকের এই সমাবেশে সভাপতিত্ব করেন আওয়ামী লীগের শ্রম ও জনশক্তিবিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ।

আন্দোলনকারী শ্রমিকদের চাকরিচ্যুত করা হলে বিমানবন্দর অচল করে দেওয়ার হুমকি দেন মুশিকুর রহমান। বিমান কর্তৃপক্ষকে উদ্দেশ করে তিনি বলেন, ৩১ জানুয়ারির মধ্য চাকরি স্থায়ীকরণ না হলে ১ ফেব্রুয়ারি থেকে অস্থায়ী শ্রমিকেরা ওভারটাইম করবেন না। এ ছাড়া এখন থেকে নতুন করে বিমানে অস্থায়ী শ্রমিক নিয়োগ দিতে দেওয়া হবে না। আর এই সমাবেশে যোগদানকারী কোনো শ্রমিককে যদি চাকরিচ্যুত করা হয়, তাহলে বিমানবন্দরের কার্যক্রম সঙ্গে সঙ্গে বন্ধ করে দেওয়া হবে।

মুশিকুর রহমান ‘বিমান বাংলাদেশ এয়ারলাইনস’ নাম পরিবর্তন করে প্রতিষ্ঠাকালীন নাম ‘বাংলাদেশ বিমান’ করার দাবি জানান।

এদিকে শ্রমিকদের অভিযোগ, অনেক দিন ধরে আশ্বাস দেওয়া হলেও তাঁদের চাকরি স্থায়ী করা হচ্ছে না। বছরের পর বছর আশ্বাসের ওপর কাজ করে যেতে হচ্ছে তাঁদের।

জামাল সরদার নামের একজন শ্রমিক বলেন, ‘১৮ বছর ধরে অস্থায়ী ভিত্তিতে বিমানের “হেলপার” হিসেবে কর্মরত আছি। এই ১৮ বছর আশ্বাসই পেয়ে আসছি কিন্তু চাকরি স্থায়ী হয়নি। প্রতিদিন হাজিরা হিসেবে সব শ্রমিকই ৪৯০ টাকা করে পান। হাজির না হলে কোনো টাকা নেই। আগে সাড়ে তিন শ ছিল। এক বছর ধরে এই হার বেড়েছে।’

শ্রমিকদের অভিযোগ, বাইরের মাটি কাটার কাজ করেও অন্যরা ৫০০ থেকে ৭০০ টাকা পান। অথচ বিমানের কাজ করেও তাঁরা সেই সমান টাকা পাচ্ছেন না।

শুভংকর চন্দ্র দাস অস্থায়ী শ্রমিক হিসেবে কাজ করছেন আট বছর ধরে। তিনি বলেন, ‘মা-বাবা বা আত্মীয়স্বজন মারা গেলেও আমাদের কোনো ছুটি মেলে না।’

হাফিজুর রহমান নামের আরেক শ্রমিক বলেন, ‘কর্মস্থলে আমরা যে পোশাক পরে আসি, তাও নিজের টাকায় কিনি। কোনো উৎসব ভাতা, প্রভিডেন্ট ফান্ড নেই, চিকিৎসা ভাতা নেই, কিছুই নেই।’

হাবিবুর রহমান নামের আরেকজন বলেন, ‘আমরা বিমানের বিশেষ ফ্লাইট সার্ভিস, ক্যাটারিং সার্ভিস, মালামাল ওঠানো-নামানো, কেবিন ড্রেসিংয়ে যাত্রীসেবায় গুরুত্বপূর্ণ কাজ করি। আমাদের থেকে কম কাজ করেও যাঁরা স্থায়ী আছেন, তাঁরা ৭০ থেকে ৮০ হাজার টাকা পান।’

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ। সমাবেশের সভাপতিত্ব করছেন বাংলাদেশ বিমান শ্রমিক লীগের সভাপতি মুশিকুর রহমান।