৩১ জুলাই চাঁদপুর পৌরসভার নির্বাচন
আগামী ৩১ জুলাই চাঁদপুর পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। গতকাল সোমবার দুপুরে নির্বাচন কমিশন থেকে এ তথ্য জানিয়ে চাঁদপুরের রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মতিউল ইসলামের কাছে ফ্যাক্সবার্তা পাঠানো হয়। বিষয়টির সত্যতা নিশ্চিত করে জেলা নির্বাচন কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ বলেন, আজ মঙ্গলবার থেকে আগামী ৪ জুলাই পর্যন্ত মেয়র ও কাউন্সিলর পদে মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিল করা যাবে। ৫ ও ৬ জুলাই মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। ১৪ জুলাই প্রার্থিতা প্রতাহারের শেষ দিন নির্ধারণ করা হয়েছে। গত ১৮ জানুয়ারি চাঁদপুর পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু ভোটার তালিকা হালনাগাদ না হওয়ায় তা সম্ভব হয়নি। পরে ২৭ জানুয়ারি পুনরায় ভোট গ্রহণের তারিখ নির্ধারণ করা হলেও তা আইনি জটিলতায় আটকে যায়। ২০০২ সালে এ পৌরসভায় সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়। ১৫টি ওয়ার্ড নিয়ে চাঁদপুর পৌরসভায় মোট ৭৬ হাজার ভোটার রয়েছে।