
সুন্দরবনের সার্বিক প্রাণবৈচিত্র্য ও বনজীবীদের ওপর তেলবাহী ট্যাংকারডুবির ঘটনার বিভিন্ন প্রভাব সম্পর্কে জানতে এখনো বিভিন্ন প্রশ্নের উত্তর খুঁজছে জাতিসংঘের বিশেষজ্ঞ দল। দলটি ২৮ ডিসেম্বর পর্যন্ত কাজ করবে। প্রাপ্ত তথ্য-উপাত্ত ও প্রমাণাদি বিশ্লেষণ করে দিক নির্দেশনাসহ ৩১ ডিসেম্বর বাংলাদেশ সরকারের কাছে চূড়ান্ত প্রতিবেদন হস্তান্তর করবে দলটি। পরে ঢাকায় সংবাদ সম্মেলন করে তা প্রচারমাধ্যমকে জানানো হবে।
আজ বুধবার সকালে সুন্দরবনে পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের আন্ধারমানিক এলাকায় চলন্ত লঞ্চে বসে প্রেস ব্রিফিং করেছেন জাতিসংঘের বিশেষজ্ঞ দলের প্রধান এমেলিয়া ওয়ালস্ট্রম। সুন্দরবনে তেলবাহী ট্যাংকারডুবির ঘটনায় সম্ভাব্য ক্ষয়ক্ষতি নিরূপণে এসেছে জাতিসংঘের বিশেষজ্ঞ একটি দল।
এমেলিয়া বলেন, তাঁদের দলটি নদীতে ছড়িয়ে পড়া ফার্নেস তেলের ক্রিয়া-প্রতিক্রিয়া কেমন হতে পারে, বনের ওপর এর প্রভাব স্বল্প ও দীর্ঘ মেয়াদে কেমন হতে পারে, সুন্দরবনের বন্য ও জলজ প্রাণিবৈচিত্র্য এবং উদ্ভিদের ওপর এর প্রভাব কী হতে পারে, এই বনসংলগ্ন লোকালয়ের অধিবাসীসহ বনজীবীদের ওপর এই দুর্ঘটনার কী প্রভাব পড়তে পারে—তা খুঁজে দেখার চেষ্টা করছে।
বিশেষজ্ঞ দলটি ছয় ভাগে বিভক্ত হয়ে কাজ করছে উল্লেখ করে দলের প্রধান জানান, ২৯ ও ৩০ ডিসেম্বর দলগুলোর প্রাপ্ত তথ্য এক করে ও পর্যালোচনা করে পূর্ণাঙ্গ প্রতিবেদন তৈরি করা হবে। এ কাজে তাঁরা সম্পূর্ণভাবে বিজ্ঞানভিত্তিক পদ্ধতিগুলো প্রয়োগ করবেন।
দুই সচিব মংলা যাচ্ছেন
এদিকে মংলাবন্দর কর্তৃপক্ষ ও জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সচিব শফিক আলম মেহেদী এবং পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিব মো. নজিবুর আজ দুপুরে বাগেরহাটের মংলায় যাচ্ছেন।
বাগেরহাটের জেলা প্রশাসক শুকুর আলী জানান, নৌ-পরিবহন সচিব শফিক আলম মেহেদী রহমান আজ দুপুরে মংলা আসছেন। তিনি মংলা-কুমারখালী-ঘষিয়াখালী নৌপথে বিআইডব্লিউটিএর চলমান খননকাজ পরিদর্শন করবেন। পরে তিনি জাতিসংঘ বিশেষজ্ঞ দলের সঙ্গে দেখা করতে সুন্দরবনে যেতে পারেন।
জেলা প্রশাসক বলেন, পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিব মো. নজিবুর রহমান বিকেলে শ্যালা নদীর ট্যাংকার দুর্ঘটনাস্থল পরিদর্শন করে জাতিসংঘ প্রতিনিধিদলের সঙ্গে কথা বলবেন। বিকেলে স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সচিবের এবং সন্ধ্যায় পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিবের মতবিনিময় সভা করার কথা রয়েছে। উভয় সভা মংলাবন্দর কর্তৃপক্ষের সভাকক্ষেÿঅনুষ্ঠিত হবে।