৩১ ডিসেম্বর জাতিসংঘ দলের প্রতিবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুন্দরবনের শ্যালা নদীতে ফার্নেস অয়েল নিঃসরণে সংকটাপন্ন সুন্দরবনের জীববৈচিত্র্যের অবস্থা সরেজমিনে পরীক্ষা-নিরীক্ষা শুরু করেছে জাতিসংঘের উচ্চক্ষমতাসম্পন্ন একটি বিশেষজ্ঞ দল। তারা সুন্দরবনে তেলবিপর্যয় নিয়ে ৩১ ডিসেম্বর সরকারকে একটি প্রাথমিক পর্যবেক্ষণ প্রতিবেদন দেবে। এ জন্য ২৭ ডিসেম্বর পর্যন্ত প্রায় এক সপ্তাহ তাদের দল কাজ করবে।
জাতিসংঘের বিশেষজ্ঞ দলের প্রধান এমিলিয়া ওয়ালস্ট্রম গতকাল বুধবার সকালে সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের আন্ধারমানিক এলাকায় এমএল ফ্লোটিং হোম নামের একটি লঞ্চে বসে সাংবাদিকদের এ কথা জানান। খবর বাসসের।
এমিলিয়া বলেন, ‘আমরা চেষ্টা করছি সুন্দরবনে তেলের ক্ষয়ক্ষতি পরিমাপ করতে। আমাদের ২৫ সদস্যের এই বিশেষজ্ঞ দলে ১১ জন আন্তর্জাতিক এবং ১৪ জাতীয় পর্যবেক্ষক রয়েছেন। তাঁরা সবাই তেলদূষণ রোধ, বন, বন্য প্রাণী সম্পর্কে আন্তর্জাতিক পর্যায়ের অভিজ্ঞ এবং এ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক।’
এমিলিয়া জানান, এই দলের সদস্যরা ছয়টি দলে ভাগ হয়ে কাজ করছেন। একটি দল যে তেল ছড়িয়ে পড়েছে এর বিস্তৃতি কতখানি, তা দেখছে। দ্বিতীয় দলটি তেলের সম্ভাব্য ক্ষতিকর প্রভাব দেখছে। তৃতীয় দলটি পানিতে প্রাণিজ ও উদ্ভিদের ওপর তেলের প্রভাব, চতুর্থ দলটি বন্য প্রাণীর ওপর প্রভাব, পঞ্চম দলটি বনসংলগ্ন মানুষের জীবন ও জীবিকা এবং ষষ্ঠ দলটি ম্যানগ্রোভ ইকোসিস্টেমের ওপর তেলের প্রভাব দেখছে। পাশাপাশি তারা বিভিন্ন নমুনা সংগ্রহ করছে।
তিনি আরও বলেন, আসলে মাত্র ৭-১০ দিনে এ ধরনের একটি ঘটনার ক্ষয়ক্ষতি নিরূপণ করা সম্ভব নয়। পরবর্তী সময়ে এর একটি ফলোআপ আকারে আসবে সে সময়ে দীর্ঘমেয়াদি ক্ষয়ক্ষতি ও করণীয় ব্যাপারে তুলে ধরা হবে। তিনি বলেন, ‘আসলে অনেকে মনে করছেন জাতিসংঘের যে দলটি এসেছে, তারা এখনই ক্ষয়ক্ষতি তুলে ধরবে। কিন্তু এটি আসলে তা নয়। এটি খুব কঠিন একটি কাজ। আমাদের সাত দিনের এ কাজ একটি প্রাথমিক বিশ্লেষণ, যা সরকারে দীর্ঘমেয়াদি পরিকল্পনা দিতে সহায়তা করবে।’
জাতিসংঘের এই বিশেষজ্ঞ প্রতিনিধিদলটি গত সোমবার বিকেলে বাগেরহাটের মংলায় আসে।