৩১ ডিসেম্বর থেকে কক্সবাজারে বিচ কার্নিভ্যাল
বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজারকে বিশ্ববাসীর কাছে তুলে ধরাসহ বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে ৩১ ডিসেম্বর থেকে সৈকতের লাবণী পয়েন্টে শুরু হচ্ছে তিন দিনের আন্তর্জাতিক মেগা বিচ কার্নিভ্যাল। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, বাংলাদেশ ট্যুরিজম বোর্ড, কক্সবাজার বিচ ম্যানেজমেন্ট কমিটি ও গ্রে অ্যাডভার্টাইজিংয়ের যৌথ উদ্যোগে এই মেগা কার্নিভ্যালের আয়োজন করা হচ্ছে।
গত শুক্রবার রাতে জেলা প্রশাসনের সম্মেলনকক্ষে বিচ ম্যানেজমেন্ট কমিটি ও গ্রের মধ্যে কার্নিভ্যাল আয়োজন নিয়ে সমঝোতা চুক্তি হয়েছে। অনুষ্ঠানের জন্য ব্যয় ধরা হয়েছে প্রায় পাঁচ কোটি টাকা। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কক্সবাজারের জেলা প্রশাসক মো. আলী হোসেন। উপস্থিত ছিলেন ট্যুরিজম বোর্ডের পরিচালক ভূবণ চন্দ্র বিশ্বাস, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপসচিব নজরুল ইসলাম, কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আনোয়ারুল নেছার, গ্রে অ্যাডভার্টাইজিংয়ের মহাব্যবস্থাপক সাইফুল আজিম প্রমুখ।
কার্নিভ্যালে দেশি-বিদেশি শিল্পীদের অংশগ্রহণে লাবণী পয়েন্টে থার্টিফার্স্ট নাইট উদ্যাপন, ২ জানুয়ারি পর্যন্ত প্রতিদিন লাইভ কনসার্টের আয়োজন করা হবে।
জেলা প্রশাসক মো. আলী হোসেন, সরকার ২০১৬ সালকে পর্যটন বর্ষ হিসেবে ঘোষণা করেছে। তাই বিদেশি পর্যটকদের টানতে বিশ্বের দীর্ঘতম এই সৈকতে কার্নিভ্যালে আয়োজন করা হয়েছে। এর মাধ্যকে বিশ্ববাসী কক্সবাজারকে নতুন করে জানবে।