৩১ ডিসেম্বরের মধ্যে ব্যাটারি রিকশা উচ্ছেদের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের সড়ক থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে ব্যাটারিচালিত রিকশা উচ্ছেদ করা না হলে পরের দিন থেকে কঠোর আন্দোলনের ঘোষণা দিয়েছে চট্টগ্রাম মহানগর রিকশা মালিক পরিষদ। আজ সোমবার বিকেলে প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন ও সমাবেশ থেকে এই ঘোষণা দেন পরিষদের নেতারা।

এর আগে বেলা তিনটায় প্রেসক্লাবের সম্মেলনকক্ষে এক সংবাদ সম্মেলনেও পরিষদের পক্ষ থেকে একই দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন পরিষদের সভাপতি পরিষদের প্রধান উপদেষ্টা ওয়াজি উল্লাহ। সভাপতি মো. ছিদ্দিক মিয়া ও সাধারণ সম্পাদক আসিফ মাহমুদ আকতার এ সময় উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে বলা হয়, পরিষদের পক্ষ থেকে করা এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে ২০১৫ সালের ২৬ এপ্রিল সুপ্রিম কোর্ট এক রায় দেন। ওই রায়ে ব্যাটারিচালিত রিকশা অবিলম্বে উচ্ছেদ করার জন্য চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও পুলিশকে নির্দেশ দেওয়া হয়। কিন্তু আজ পর্যন্ত নগরের বিভিন্ন সড়কে ব্যাটারি রিকশা দাপিয়ে বেড়াচ্ছে। ৩১ ডিসেম্বরের মধ্যে যদি এগুলো উচ্ছেদ করা না হয়, তাহলে আদালত অবমাননার মামলার পাশাপাশি রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

সংবাদ সম্মেলনের পর প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন ও সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়। এতে অন্তত কয়েক শ রিকশা শ্রমিক ব্যানার ফেস্টুন নিয়ে যোগ দেন। সমাবেশে বক্তারা বলেন, আদালতের রায়ের পর সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের নগরের সার্কিট হাউসে এক সভায় ব্যাটারি রিকশা আর চলতে দেওয়া হবে না বলে জানিয়েছিলেন। তিনি ব্যাটারি রিকশা উচ্ছেদের জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দেশ দিয়েছিলেন। কিন্তু এখনো তা বাস্তবায়ন হয়নি। একশ্রেণির মুনাফালোভী প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীকে টাকা দিয়ে ব্যাটারিচালিত রিকশা চলছে বলে তাদের অভিযোগ। পরিস্থিতির পরিবর্তন না হলে ১ জানুয়ারি থেকে রাজপথে আন্দোলন গড়ে তোলার হুমকি দেন তাঁরা।

এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মাসুদ-উল-হাসান মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আমরা আদালতের নির্দেশ মেনে প্রতিদিনই ব্যাটারি রিকশা ধরছি। প্রতিদিনই শত শত রিকশা আটক করে নিয়ে আসছি। এখন অলিগলিতে কিছু রিকশা চলছে। ওটাও থানা-পুলিশকে বলে দিয়েছি ব্যবস্থা নিতে।’