৩১ ড্রাম ব্যবহূত লুব অয়েলবোঝাই ট্রাক আটক
চট্টগ্রামের হাটহাজারী উপজেলার এগারো মাইল এলাকায় নির্মাণাধীন হাটহাজারী বিদ্যুৎকেন্দ্র থেকে বাইরে নিয়ে যাওয়ার সময় পুলিশ গতকাল শুক্রবার বিকেলে ৩১ ড্রাম ব্যবহূত লুব্রিকেন্টসসহ (লুব অয়েল, পেট্রোলিয়াম পণ্য) একটি ট্রাক আটক করেছে। অভিযোগ পাওয়া গেছে, একটি পক্ষ এসব পণ্য নিলামে কিনে বাইরে নিয়ে যাওয়ার সময় নগরের বায়েজিদ থানাধীন বালুছড়া এলাকায় কিছু যুবক বাধা দেয় এবং ট্রাকটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় পুলিশ ট্রাকটি আটক করে।সংশ্লিষ্ট একাধিক সূত্রমতে, স্থানীয় ছাত্রলীগের একটি অংশ লুব্রিকেন্টসভর্তি ট্রাকটি ছিনতাইয়ের চেষ্টা করে। এসব পণ্য কেনার চেষ্টা করে যারা ব্যর্থ হয়েছিল, তারাই ট্রাকটি ছিনতাই করার চেষ্টা করে। বায়েজিদ থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মহিউদ্দিন প্রথম আলোকে বলেন, ‘ব্যবহূত লুব্রিকেন্টসভর্তি ট্রাকটি নিয়ে রাস্তায় টানাহেঁচড়া করার সময় পুলিশ সেটি আটক করে থানায় নিয়ে আসে। যারা এসব পণ্য কিনেছে, তারা বৈধ কাগজপত্র আনছে বলে জানিয়েছে। বৈধ কাগজপত্র পাওয়া গেলে আটক ট্রাকটি ছেড়ে দেওয়া হবে।’নির্মাণাধীন বিদ্যুৎকেন্দ্রের প্রকল্প পরিচালক নির্বাহী প্রকৌশলী মো. শামসুদ্দিন প্রথম আলোকে বলেন, ‘প্রকল্পটির নির্মাণকাজ করছে একটি চীনা প্রতিষ্ঠান। তারা কিছু ডিজেল ও লুব অয়েল স্থানীয় পদ্মা অয়েল কোম্পানি থেকে কিনে তা যন্ত্রপাতি ধোয়ামোছা এবং অন্যান্য কাজে ব্যবহূত করে। এরপর তা স্থানীয়ভাবে বিক্রি করে দেয়। পুলিশ এই ধরনের ব্যবহূত লুবের চালানভর্তি একটি ট্রাক আটক করেছে বলে আমরা খবর পেয়েছি।’জানা গেছে, আটক ট্রাক ও এর চালককে বায়েজিদ থানায় রাখা হয়েছে।