৩১ দিন রিমান্ডের মধ্যে ছাত্রদল সভাপতি ফের রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজীব আহসান। ফাইল ছবি
রাজীব আহসান। ফাইল ছবি

ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাজীব আহসান বিভিন্ন মামলায় বর্তমানে ৩১ দিনের রিমান্ডে আছেন। এরই মধ্যে নতুন ​করে মিলল আরও তিন দিনের রিমান্ড। আজ সোমবার ঢাকার মহানগর হাকিম শাহরিয়ার মাহমুদ আদনান এই রিমান্ড আবেদন মঞ্জুর করেন।
আজ রাজীবকে আদালতে হাজির করে পেট্রলবোমা হামলা ও গাড়ি পোড়ানোর অভিযোগে পল্টন থানায় করা তিন মামলায় ৩০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা।
রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী শাহ আলম বলেন, রাজীব এই তিন মামলায় এজাহারভুক্ত আসামি। কাজেই এই মামলার তদন্তের স্বার্থে তাঁকে আরও রিমান্ডে নেওয়া প্রয়োজন।
রাজীবের আইনজীবী সানাউল্লাহ মিয়া ও মাসুদ আহম্মেদ তালুকদার এই রিমান্ডের বিরোধিতা করে বলেন, রাজীব ইতিমধ্যে ৩১ দিনের রিমান্ডে রয়েছেন। এর মধ্যে ২১ দিন শেষ হয়েছে। এ জন্য তাঁকে আর রিমান্ডে না নেওয়ার আবেদন জানান তাঁরা।
আদালত উভয় পক্ষের শুনানি শেষে রাজীবকে তিন মামলার প্রত্যেকটিতে এক দিন করে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।