৩১ দোকানের ৫৪ লাখ টাকা জরিমানা
বিক্রয় নিষিদ্ধ সরকারি ওষুধ, মেয়াদোত্তীর্ণ, অনুমোদনহীন ও নকল ওষুধ বিক্রির দায়ে চট্টগ্রাম নগরের হাজারী গলির ৩১ টি দোকানকে মোট ৫৪ লাখ ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ সোমবার নগরের একমাত্র পাইকারি ওষুধের বাজার হাজারী গলিতে এ অভিযান চালানো হয়। রাত পর্যন্ত এ অভিযান চলে। এতে নেতৃত্ব দেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) নির্বাহী হাকিম সারওয়ার আলম। এ সময় ওষুধ প্রশাসনের কর্মকর্তারা সহায়তা করেন।
অভিযানে একটি প্রতিষ্ঠানের দুজন কর্মচারীকে তিন মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে। দুটি ওষুধের দোকান ও দুটি গুদাম সিলগালা করে দেওয়া হয়। এ ছাড়া অভিযান চলাকালে দোকান খোলা রেখেই পালিয়ে গেছেন এক ব্যবসায়ী।
নির্বাহী হাকিম সারওয়ার আলম প্রথম আলোকে বলেন, ‘আমার জানামতে, আগে কখনো এই পরিমাণ অর্থ জরিমানা করা হয়নি।’
র্যাব সূত্র জানায়, বেলা সাড়ে ১১টার দিকে নগরের হাজারীগলিতে অভিযান শুরু করেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে সুফা অ্যান্ড সন্স নামের একটি দোকানে বিপুল পরিমাণ নকল ও ভেজাল ওষুধ পাওয়া যাওয়ায় দোকানটি ও এর দুটি গুদাম সিলগালা করে দেওয়া হয়। প্রতিষ্ঠানটির দুজন কর্মচারী ঝুলন চৌধুরী ও রাজা মিয়াকে তিন মাস করে কারাদণ্ড দেওয়া হয়। এ প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, অভিযান চলাকালে চট্টলা এন্টারপ্রাইজের মালিক দোকান খোলা রেখেই পালিয়ে যান। এই দোকানে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ বিক্রি নিষিদ্ধ সরকারি ওষুধ পাওয়া গেছে।
সারওয়ার আলম প্রথম আলোকে বলেন, চট্টলা এন্টারপ্রাইজের মালিক পালিয়ে যাওয়ায় দোকানটি সিলগালা করে দেওয়া হয়েছে। সরকারি ওষুধ বিক্রি করায় দোকানমালিকের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হবে। ওষুধের দোকানগুলোতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।