৩১ পেরিয়ে শর্ট ফিল্ম ফোরাম

বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরাম ৩১ বছর পেরিয়েছে। ফোরামের সদস্যদের মনে ভিড় করে সেই সময়ের কত স্মৃতি, কত কথা। স্মৃতিগুলো যেন নস্টালজিয়া হয়ে দেখা দিল গতকাল শুক্রবার সন্ধ্যায় আজিজ সুপার মার্কেটে বাংলাদেশ ফিল্ম সেন্টার অডিটরিয়ামে।
৩১ বছর পূর্তি অনুষ্ঠানে আকরাম খানের মনে পড়ে, শর্ট ফিল্ম ফোরামের স্বল্পদৈর্ঘ্য উৎসবেই তাঁর পরিচয় হয় ‘সিরিয়াস’ ছবিগুলোর সঙ্গে। এফডিসি ঘরানার ছবির বাইরেও যে ‘সিরিয়াস’ ছবি নির্মাণ করা যায়, এখানে এসে বুঝতে পারেন। ফোরামকে তাঁর মনে হয় পরিবারের মতো। কারণ চলচ্চিত্র নির্মাণের কারণে পরিবার থেকে একরকম বিচ্ছিন্ন মানুষ ছিলেন।
সৈয়দ ইমরান হোসেন কিরমানী স্মৃতিচারণা করে বলেন, একটি কর্মশালার মাধ্যমে ফোরামে তাঁর যাত্রা শুরু হয়েছিল। একটা ছবির শুট করে প্রিন্ট করতে পারছেন না। এর মধ্যে পেরিয়ে গেছে একটি বছর। একদিন মজা করে কেক কেটে ছবি শুটের এক বছর পূর্তি উদ্যাপন করেছিলেন।
এ কে এম জাকারিয়ার মনে পড়ে ফোরামের সেই আড্ডার কথা। বলেন, ফোরাম অফিসে দিনে একবার না গেলে ভালো লাগত না। ফোরামের লোকজনের সঙ্গে কাটানো সময়গুলো ছিল সবচেয়ে সেরা সময়। আড্ডার মাধ্যমেই অগ্রজদের সঙ্গে নবীন নির্মাতাদের যোগাযোগ হতো। এই সময়ে সেই আড্ডাটা বড় প্রয়োজন।
তাঁর কথার সঙ্গে একমত বতর্মান সভাপতি জাকির হোসেন। এ রকম আড্ডায় অগ্রজদের সময় দিতে আহ্বান জানান। অনুষ্ঠান শুরু হয় প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে। কেক কাটা হয়। এরপর স্মৃতিচারণা শুরু হয়। প্রবীণ ও নবীন সদস্যরা নিজেদের স্মৃতিকথা তুলে ধরেন। তবে ৩১ বছরে কি কিছুটা ঝিমিয়ে গেছে সংগঠনটি? সে কথাও যেন বললেন আরেক সদস্য জহিরুল ইসলাম। বলেন, মাসের শেষ দিন ৩১। সংগঠনটিও পেরিয়েছে ৩১ বছর। কিছুটা ঝিমিয়ে গেছে মনে হয়। আগের সেই তারুণ্যকে ফিরিয়ে আনতে হবে।
উপস্থিত ছিলেন মানজারেহাসীন মুরাদ, জাহিদুর রহিম, আকা রেজা গালিব, গাজী মাহতাব হাসান, হামেদ কিবরিয়া, আবিদ মল্লিক প্রমুখ। সঞ্চালনায় ছিলেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মৃদুল মামুন। আজ একই অডিটরিয়ামে থাকছে স্বল্পদৈর্ঘ্য ছবি প্রদর্শনী। দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে এ আয়োজন।