৩১ প্রকৌশলী ও ঠিকাদারের বিরুদ্ধে দুদকের অভিযোগপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) বর্তমান ও সাবেক ১৫ জন প্রকৌশলী ও ১৬ জন ঠিকাদারের বিরুদ্ধে ১৫টি মামলায় অভিযোগপত্র চূড়ান্ত করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আগামী দু-তিন দিনের মধ্যে এসব অভিযোগপত্র মহানগর হাকিম আদালতে উপস্থাপন করা হবে। চট্টগ্রাম দুদক সূত্রে এই তথ্য জানা গেছে। যাঁদের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছে তাঁরা হলেন: চউকের সাবেক প্রধান প্রকৌশলী ইকবাল হোসেন মজুমদার, সাবেক তত্ত্বাবধায়ক প্রকৌশলী নূর হোসেন চৌধুরী, বর্তমান নির্বাহী প্রকৌশলী নুরুল আমিন ভূঁইয়া, শাহাবুদ্দিন খালেদ, মনজুর হাসান, আশরাফুল ইসলাম, এ এ এম হাবিবুর রহমান, নুরুল আলম, সহকারী প্রকৌশলী ইলিয়াস আকতার, মোহাম্মদ ইলিয়াস, রাজীব দাশ, মোহাম্মদ হাসান, উপসহকারী প্রকৌশলী ওসমান সিকদার, হামিদুল হক ও স্টিমেটর রূপন কুমার চৌধুরী। মামলায় যেসব ঠিকাদারকে আসামি করা হয়েছে তাঁরা হলেন: নূর মোহাম্মদ, খালেদ বিন আলম, জাহাঙ্গীর আলম চৌধুরী, নেজাম উদ্দিন, ইউনুস গণি চৌধুরী, ওয়াহিদুজ্জামান ওরফে পিন্টু, আবদুস সালাম, কে এম জসিম উদ্দিন, মোহাম্মদ আমান, রফিকুল ইসলাম, ইয়াকুব চৌধুরী, নাসির উদ্দিন, সৈয়দ মো. জহিরুল হক, মোহাম্মদ মাসুদ, আবদুস সালাম ও শামসুল আলম।প্রকৌশলী ও ঠিকাদার পারস্পরিক যোগসাজশে টাকা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ করা হয়েছে। তাঁদের মধ্যে বিল্ডটেক অ্যাসোসিয়েটসের মালিক ইউনুস গণি চৌধুরী বর্তমানে চউক পরিচালনা বোর্ডের সদস্য। অভিযোগপত্রে ১৫টি ঘটনায় ৭৩ লাখ ৮০ হাজার ৪৬৪ টাকা আত্মসাৎ করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। আরাকান সড়কের এফআইডিসি থেকে কালুরঘাট সেতু পর্যন্ত সম্প্রসারিত প্রকল্পে অর্থ আত্মসাতের অভিযোগে এসব ঠিকাদার ও কর্মকর্তার বিরুদ্ধে মামলায় অভিযোগপত্র দেওয়া হয়। মামলাগুলোর তদন্তকারী কর্মকর্তারা হলেন: চট্টগ্রাম দুদকের উপসহকারী পরিচালক শহীদুল আলম, হুমায়ুন কবির, ফখরুল ইসলাম, সাইফুল্লাহ মো. এমরান ও খলিলুর রহমান সিকদার। এসব মামলা ছাড়াও চউকের প্রকৌশলীদের বিরুদ্ধে বর্তমানে আরও সাতটি মামলার অভিযোগপত্র জমা দেওয়ার অপেক্ষায় রয়েছে। চলতি মাসের মধ্যেই এসব মামলায় অভিযোগপত্র আদালতে জমা দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে বলে দুদকের কর্মকর্তারা জানিয়েছেন। সরকারি চাকরির নিয়ম অনুযায়ী কোনো কর্মকর্তার বিরুদ্ধে মামলায় অভিযোগপত্র দেওয়া হলে তাঁদের চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করার নিয়ম রয়েছে।এ প্রসঙ্গে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবদুচ ছালাম প্রথম আলোকে বলেন, ‘আমি বিষয়টি শুনেছি। তবে আমার কাছে এখনো কাগজপত্র আসেনি।’ সাময়িক বরখাস্ত প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি তো আইনের বাইরে যেতে পারব না। এটি সরকারি সংস্থা।’ মামলার অভিযোগপত্রে বেশির ভাগ প্রকৌশলীরই নাম আসায় তাঁরা যদি সাময়িক বরখাস্ত হন, তাহলে চউকের উন্নয়ন কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এ প্রসঙ্গে চউকের চেয়ারম্যান আবদুচ ছালাম বলেন, সরকারি প্রতিষ্ঠানের কার্যক্রম যদি বন্ধ হয়ে যায়, তা দেখার দায়িত্বও সরকারের। দুদকের কর্মকর্তারা যখন গতকাল বিকেলে অভিযোগপত্র তৈরি করছিলেন, তখন প্রতিষ্ঠানের সচিব, প্রধান প্রকৌশলী ও অন্য জ্যেষ্ঠ কর্মকর্তাদের নিয়ে বৈঠক করছিলেন চউকের চেয়ারম্যান। বৈঠক সূত্রে জানা যায়, অভিযোগপত্র আদালতে জমা দেওয়ার পর সম্ভাব্য করণীয় নিয়ে আলোচনা হয়। নগরের বহদ্দারহাট থেকে কালুরঘাট সেতু পর্যন্ত আরাকান সড়কের সম্প্রসারণকাজে অনিয়মের অভিযোগে ২০১০ সালের ৫ ও ৬ সেপ্টেম্বর চান্দগাঁও থানায় এসব মামলা করে দুদক। এরপর নিজস্ব কর্মকর্তা দিয়ে তদন্ত করা হয়। দুদক সূত্র জানায়, প্রায় তিন মাস আগে এসব অভিযোগপত্র চূড়ান্ত করা হয়। এরপর দুদকের চেয়ারম্যানের অনুমোদন শেষে গতকাল তা পুনরায় চট্টগ্রামে পাঠানো হয়।