৩১ বছর পর জানলেন নির্দোষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারত থেকে গরু পাচারের অভিযোগে করা মামলায় সাজা হওয়ার ৩১ বছর পর উচ্চ আদালতের রায়ে খালাস পেলেন যশোরের শার্শার আবদুল কাদের ও মফিজুর রহমান। বিচারিক আদালতের রায়ে পাঁচ বছর করে কারাদণ্ড হলে পরবর্তী আইনিপ্রক্রিয়া চালিয়ে যাওয়ার পাশাপাশি তাঁরা সাজাও ভোগ করেন।

এত দিন পর নির্দোষ প্রমাণিত হওয়ার খবরে সন্তোষ প্রকাশ করেন ৬০ বছর বয়সী আবদুল কাদের। তিনি প্রথম আলোকে বলেন, তিন বছর আগে মারা গেছেন মফিজুর।

আইনজীবী সূত্র বলেছে, ছয়টি গরু পাচারের অভিযোগে ১৯৮৬ সালের ২৭ আগস্ট কাদের ও মফিজুরের বিরুদ্ধে মামলা করেন তখনকার বাংলাদেশ রাইফেলসের ল্যান্স নায়েক আমির আলী। ওই বছরই যশোরের বিশেষ ট্রাইব্যুনাল তাঁদের পাঁচ বছর করে দণ্ড দিয়ে কারাগারে পাঠান। ওই দণ্ডাদেশের বিরুদ্ধে ১৯৮৭ সালে যশোরের হাইকোর্ট বেঞ্চে তাঁরা আপিল করেন। বেঞ্চটি অবলুপ্ত হলে আপিলটি ১৯৯১ সালে ঢাকা হাইকোর্টে স্থানান্তর করা হয়। তাঁরাও তিন বছর সাজা ভোগ করে জামিনে মুক্তি পান।

খালাস চেয়ে কাদের ও মফিজুরের করা আপিলের শুনানি গত মঙ্গলবার হাইকোর্টে শেষ হয়। গতকাল বুধবার বিচারপতি কাজী রেজা-উল হকের নেতৃত্বাধীন একক হাইকোর্ট বেঞ্চ তাঁদের আপিল মঞ্জুর করে রায় দেন।

আবদুল কাদের প্রান্তিক কৃষক ও অসচ্ছল হওয়ায় সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটির পক্ষ থেকে তাঁকে আইনি সহায়তা দেওয়া হয়। আদালতে তাঁর পক্ষে শুনানি করেন লিগ্যাল এইড কমিটির প্যানেল আইনজীবী কুমার দেবুল দে। তিনি প্রথম আলোকে বলেন, সাজা দেওয়া যৌক্তিক হয়নি বলে হাইকোর্ট দুজনকে খালাস দিয়েছেন। এর ফলে ৩১ বছর পর আপিল নিষ্পত্তি হলো। আসামিদের তৎপরতা না থাকায় দেরি হয়েছে বলে তিনি মন্তব্য করেন।