৩১ বছরেও নির্মাণ হয়নি স্বাস্থ্যকেন্দ্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সনমান্দি ইউনিয়নে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্র নির্মাণের জন্য সরকার ৩১ বছর আগে নীতিগত সিদ্ধান্ত নেয়। এ জন্য চার ব্যক্তি জমিও দান করেন। ভবন নির্মাণের জন্য কার্যাদেশও হয়। কিন্তু তিন যুগেও হয়নি স্বাস্থ্যকেন্দ্র।

প্রশাসন ও এলাকাবাসীসূত্রে জানা গেছে, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয় সনমান্দি ইউনিয়নের বাংলাবাজারে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্র নির্মাণের সিদ্ধান্ত নেয়। ১৯৮৪ সালের ১৫ ডিসেম্বর গোফরান আলী, এম এ জলিল, কদম আলী ও আব্দুস সাত্তার চর বানেশ্বরদী ও যাত্রাবাড়ী মৌজায় ৯০ শতাংশ জমি দান করেন।কিন্তুএরপর মন্ত্রণালয়ের উদ্যোগে ভাটা পড়ে। পরে এলাকাবাসী আন্দোলন শুরু করে। আন্দোলনের মুখে ২০০২ সালের ১৫ মে ভবন নির্মাণের দরপত্র আহ্বানের মাধ্যমে ঠিকাদারকে কার্যাদেশ দেওয়া হয়। ঠিকাদার সময়মতো কাজ শুরু না করায় ২০০৩ সালের ৩০ মার্চ স্বাস্থ্য মন্ত্রণালয় কার্যাদেশ বাতিল করে। নতুন করে কাজটি শুরু করার জন্য মন্ত্রণালয় আর কোনো উদ্যোগ নেয়নি।

উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় সূত্রে জানা গেছে, আয়তনের দিক থেকে উপজেলার সবচেয়ে বড় এই ইউনিয়নের ৫৮টি গ্রামে ৪২ হাজার মানুষ বসবাস করে।

সনমান্দি ইউনিয়নে কর্মরত পরিবার পরিকল্পনা পরিদর্শক মো. শাহজালাল প্রথম আলোকে বলেন, ‘আমিসহ এই ইউনিয়নে ছয়জন পরিবারকল্যাণ সহকারী কর্মরত। এই ইউনিয়নে কোনো ভবন না থাকায় আমরা মানুষকে চিকিৎসাসেবা দিতে পারছি না। মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে চিকিৎসাসেবা দেওয়া আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না।’

জমির চারজন দাতার মধ্যে একমাত্র জীবিত চরলাল গ্রামের আব্দুস সাত্তার বলেন, ‘সড়কের পাশের গুরুত্বপূর্ণ এই জমির বর্তমান বাজারমূল্য কয়েক কোটি টাকা। ইউনিয়নবাসীর স্বাস্থ্যসেবার কথা চিন্তা করে আমরা জমি দান করেছিলাম। তিনজন দাতা ভবনটি দেখে যেতে পারেননি, আমিও দেখে যেতে পারব কি না, জানি না।’

ইউএনও আবু নাছের ভূঞা বলেন, ‘সরকার ৩১ বছর আগে ভবন নির্মাণের নীতিগত সিদ্ধান্ত এবং সর্বশেষ দরপত্র আহ্বান করার পরও ভবন নির্মাণ না হওয়া দুঃখজনক। বিষয়টি নিয়ে আমি মন্ত্রণালয়ে যোগাযোগের চেষ্টা অব্যাহত রেখেছি।’