পটুয়াখালী সরকারি কলেজে শিক্ষক-সংকটে শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। এখানে পুরোনো জনবল-কাঠামো অনুযায়ী শিক্ষকের ৮৭টি পদ থাকলেও কর্মরত আছেন ৫৬ জন। কলেজে সম্মান ও স্নাতকোত্তর কোর্স চালু থাকলেও এর বিপরীতে যে ১৮২ জন শিক্ষক থাকার কথা, তার একজনও নেই। এ ছাড়া অবকাঠামোগত সমস্যা তো আছেই।কলেজ সূত্রে জানা গেছে, ১৯৭০ সালে কলেজটি সরকারীকরণ করা হয়। বর্তমানে উচ্চমাধ্যমিক থেকে স্নাতকোত্তর পর্যন্ত নয় সহস্রাধিক ছাত্রছাত্রী এখানে পড়াশোনা করছে। ১৯৮০ সাল থেকে পর্যায়ক্রমে ১৬টি বিষয়ে সম্মান ও ১৪টি বিষয়ে স্নাতকোত্তর কোর্স চালু হয়। জনবল-কাঠামো অনুযায়ী প্রতিটি সম্মান কোর্সে সাতজন এবং স্নাতকোত্তর কোর্সে ১২ জন করে শিক্ষক থাকার কথা। কিন্তু দুই যুগেও এসব পদ সৃষ্টি করা হয়নি। কলেজের ১৬টি বিষয়ে সম্মান ও ১৪টিতে স্নাতকোত্তর কোর্স চালু রয়েছে। নিয়ম অনুযায়ী সম্মান ও স্নাতকোত্তর কোর্সে ১৮২ জন শিক্ষকের পদ সৃষ্টি করার কথা। এদিকে পুরোনো কাঠামো অনুযায়ী কলেজে শিক্ষকের ৮৭টির মধ্যে ৩১টি পদ শূন্য। এর মধ্যে অধ্যাপকের সাতটি পদের মধ্যে একটি, সহযোগী অধ্যাপকের ১৬ পদের ছয়টি, সহকারী অধ্যাপকের ২৩টি পদের নয়টি এবং প্রভাষকের ৩৯টি পদের মধ্যে ১৫টি শূন্য। এ ছাড়া প্রদর্শকের সাতটির মধ্যে পাঁচটি পদই শূন্য। গ্রন্থাগারিকের তিনটি পদের মধ্যে দুটি শূন্য।ইংরেজি বিভাগে শিক্ষকের চারটি পদ থাকলেও কর্মরত আছেন একজন। বিভাগের একমাত্র শিক্ষক শিশির রঞ্জন হাওলাদার বলেন, ‘একার পক্ষে সব ক্লাস চালানো সম্ভব হয় না।’এদিকে শিক্ষক-সংকটের পাশাপাশি কলেজে কক্ষ-সংকটও প্রকট। ১৯৯২ সালে বিজ্ঞান ভবন পরিত্যক্ত ঘোষণা করা হয়। বিজ্ঞান ভবন না থাকায় কলাভবন ও বাণিজ্য ভবনে ভাগাভাগি করে বিজ্ঞান বিভাগের কার্যক্রম চালানো হচ্ছে। অধ্যক্ষ প্রাণেশ কান্তি সিকদার জানান, শিক্ষক-সংকটই প্রধান সমস্যা। শূন্য পদে শিক্ষক নিয়োগের অনুরোধ জানিয়ে সর্বশেষ ১৫ নভেম্বর মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর চিঠি পাঠানো হয়েছে।তিনি আরও বলেন, কলেজে শিক্ষার্থী অনুযায়ী শিক্ষকের প্রয়োজনীয় পদ সৃষ্টি করে শূন্য পদে শিক্ষক নিয়োগ দেওয়া একান্ত প্রয়োজন।