৩১ বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বিভীষণ সীমান্তে ৩১ বাংলাদেশি যুবককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গতকাল বুধবার দুপুরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এ কথা জানিয়েছে।

৪৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মাহমুদুল কবীর জানান, ভারতের ১১৪ ব্যাটালিয়নের টিলাসন ক্যাম্পে বিএসএফের সদস্যরা মঙ্গলবার ভোরে ওই দেশের মালদহ জেলার টিলাসন সীমান্ত এলাকা থেকে ৩১ বাংলাদেশিকে আটক করেন। সীমান্তের ২১৯/৪০ আর নম্বর পিলারসংলগ্ন এলাকা দিয়ে ভারত থেকে ৯০টি গরু আনার সময় তাঁদের আটক করা হয়েছে বলে বিএসএফ দাবি করেছে। বিজিবির কর্মকর্তা জানান, তারা আরও দাবি করেছে, আটক যুবকদের সবাই সোমবার সন্ধ্যায় সীমান্তের ওপারে গরু আনতে গিয়েছিলেন।

বিজিবির অধিনায়ক জানান, আটক বাংলাদেশিদের তাঁরা ফেরত চেয়েছিলেন। কিন্তু বিএসএফ তাঁদের ভারতের হরিপুর থানার পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে বলে জানায়। গতকাল দুপুরে এ নিয়ে বিজিবি-বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয়েছে।

বৈঠকে বিজিবির পক্ষে রোকনপুর কোম্পানি কমান্ডার বেলাল হোসেন ও বিএসএফের পক্ষে আলীপুর কোম্পানি ইন্সপেক্টর সুরেশ চন্দ্র নেতৃত্ব দেন। বিজিবির পক্ষ থেকে আটক ব্যক্তিদের পরিচয় জানতে চাইলে আজ বৃহস্পতিবারের মধ্যে জানানো হবে বলে বিএসএফ আশ্বাস দিয়েছে।

এদিকে, আটক ব্যক্তিদের কয়েকজনের পরিচয় স্থানীয় সূত্রে জানা গেছে। তবে বিজিবি সেসব নামের ব্যাপারে নিশ্চিত করে কিছু জানায়নি। স্থানীয় সূত্রে পাওয়া নামগুলো হলো আক্কেলপুর গ্রামের সোয়েব আলীর ছেলে মো. বাবু, একই এলাকার সিরাজুল ইসলামের ছেলে দবির উদ্দিন, মোখলেসুর রহমানের ছেলে এজাবুল হক, তৈমুর রহমানের ছেলে এজায়িল হোসেন, আবদুল মান্নানের ছেলে মো. বাবু, মোখলেস আলীর ছেলে তরিকুল ইসলাম, আজাহার আলীর ছেলে শাকিল আহমেদ, রাধানগর গ্রামের মজিবুর রহমানের ছেলে সেন্টু মিয়া ও সফুর ছেলে মাহবুব।