৩১ বিঘা জমি ফিরে পেল তুরাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মোহাম্মদপুরে কাটাসুরে তুরাগ নদের তীরে অবৈধ ভরাট করা ৩১ বিঘা নদের জায়গা উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ও ঢাকা জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত যৌথ উদ্যোগ অভিযান চালিয়ে এ জায়গা দখলমুক্ত করে।
সকাল সাড়ে ১০টা থেকে বেলা তিনটা পর্যন্ত টানা এ অভিযানের শুরুতে মালিকপক্ষ বাধা দেওয়ার চেষ্ট করলে অভিযানকারী দল গ্রেপ্তারের হুমকি দেয় এবং পরে তাঁরা সরে পড়েন।
তুরাগ নদের অংশ ভরাট ও অবৈধ দখলের মাধ্যমে বেশ কিছুদিন ধরে আবাসন প্রকল্প করছিল আমিন অ্যান্ড মোমিন ডেভেলপমেন্ট লিমিটেড নামের একটি কোম্পানি। সেখানে বেশ কয়েকটি প্লট বিক্রিও করা হয়। এ-সংক্রান্ত একটি প্রতিবেদন ‘তুরাগের ২৫ বিঘা জায়গা দখল করে আবাসন প্রকল্প!’ শিরোনামে গত ১৭ আগস্ট প্রথম আলোয় প্রকাশিত হয়। গত ১০ সেপ্টেম্বর বিআইডব্লিউটিএ ও ঢাকা জেলা প্রশাসন অবৈধ দখলদারদের উচ্ছেদ করতে যায়। তখন নতুন করে সীমানা খুঁটি দিয়ে মেপে দেখা যায়, ২৫ বিঘার বাইরে আরও প্রায় ছয় বিঘা জমি দখল করা হয়েছে। ওই দিন দখলদারদের সময় বেঁধে দেওয়া হয়। কিন্তু কোম্পানি নিজ উদ্যোগে স্থাপনা ভেঙে জায়গা ছেড়ে না দেওয়ায় গতকাল অভিযান চালানো হয়।
উচ্ছেদ অভিযানে মোহাম্মদপুর থানার ২৫ জন পুলিশ ও বিআইডব্লিউটিএর ৫০ জন শ্রমিক অংশ নেন। নদীর অংশে ব্যবহার করা হয় বিআইডব্লিউটিএর অভিযানকারী টাগবোট ‘অগ্রগামী’ আর স্থলভাগে ভেকু বা এক্সকাভেটর।
সকালে উচ্ছেদ অভিযানের শুরুতে প্রায় দেড় হাজার বর্গফুট আয়তনের পাকা প্রকল্প কার্যালয় গুঁড়িয়ে দেওয়া হয়। এ সময় আমিন অ্যান্ড মোমিন ডেভেলপমেন্টের পরিচালক আবদুল মোমিন মিয়া ও ব্যবস্থাপক জাহাঙ্গীর হোসেন নিজেদের পক্ষের কাগজপত্র নিয়ে এসে বাধা দেওয়ার চেষ্টা করেন। জাহাঙ্গীর হোসেন বারবার বলতে থাকেন, ‘আরএস দাগ অনুসারে এই জমির মালিক আমরা।’ আবদুল মোমিন বলেন, তাঁরা ক্রয় সূত্রে এই জমির মালিক। তাঁরা দখলদার নন। তখন বিআইডব্লিউটিএ ও জেলা প্রশাসনের কর্মকর্তারা তাঁদের জানান, হাইকোর্টের রায় অনুযায়ী নদীর জায়গা মাপা হয় সিএস দাগ অনুসারে। তাতে দেখা যায়, এসব জমি নদীর। তাই তাঁরা উচ্ছেদ করছেন। এ সময় ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রেহানুল হক তাঁদের গ্রেপ্তারের ভয় দেখালে তাঁরা সরে যান।
পরে নির্মাণাধীন একটি স্থাপনা, প্লট বিভাজন দেয়াল, নদীর পাড়ের ইটের রাস্তা উচ্ছেদ করা হয়। পর্যায়ক্রমে সরিয়ে ফেলা হয় আগের ১১টি সীমানা খুঁটি। উদ্ধার হয় প্রায় ৩১ বিঘা জায়গা।
বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক (বন্দর) মো. সাইফুল ইসলাম বলেন, আমিন অ্যান্ড মোমিন ডেভেলপমেন্টের তিনজন পরিচালকের বিরুদ্ধে অতীতে মামলা হয়েছে। উদ্ধারকাজে বাধা দিলে এবং ভবিষ্যতে আবার দখল করলে প্রয়োজনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি জানান, এ ধরনের উদ্ধার অভিযান আরও চলবে এবং নদীর জায়গা নদীকে ফিরিয়ে দেওয়া হবে।
অভিযানে বিআইডব্লিউটিএর পরিচালক (বন্দর ও পরিবহন) মফিজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুসফিকুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।