
সিলেট সিটি করপোরেশনের ৯ নম্বর ওয়ার্ডের লেকসিটি আবাসিক এলাকার সঙ্গে আখালিয়া-নিহারিপাড়া মহল্লার যাতায়াতের পথ একটাই। সিলেট-সুনামগঞ্জ সড়কের সঙ্গে এই রাস্তা। সংস্কারকাজ শুরু হয় প্রায় নয় মাস আগে। শুরুতে দুই দিকে নালার কাজ হয়। পরে রাস্তায় ফেলা হয় বালু।প্রায় ছয় মাস ধরে বালু আর খানাখন্দে ভরা রাস্তা দিয়ে চলছেন এলাকাবাসী।
এভাবে শুধু লেকসিটি আবাসিক এলাকায় নয়, নগরের পাড়া-মহল্লার অধিকাংশ রাস্তা বছরের পর বছর ধরে সংস্কার হচ্ছে না। আবার কয়েকটি সড়কের সংস্কারকাজ গত অর্থবছরে শুরু হলেও তা শেষ না হওয়ায় জনদুর্ভোগ বেড়েছে। অধিকাংশ রাস্তার কার্পেটিং উঠে গেছে। এ কারণে সংশ্লিষ্ট পাড়া-মহল্লার কমপক্ষে দুই লাখ বাসিন্দা পথ চলাচলে ভোগান্তিতে পড়েছেন।
সিটি করপোরেশনের প্রকৌশল শাখা জানিয়েছে, নগরে মোট ৫৬৮ কিলোমিটার পাকা সড়ক রয়েছে। এর মধ্যে ৫৫ শতাংশ পাড়া-মহল্লায় এবং বাকি ৪৪ শতাংশ নগরের প্রধান সড়ক। পাড়া-মহল্লার সড়কগুলো ১৫ থেকে ২০ শতাংশ ভাঙাচোরা অবস্থায় রয়েছে বলে সিটি করপোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন। তবে এ তথ্যের চেয়েও বেশি পরিমাণে সড়ক ভাঙাচোরা রয়েছে বলে নগরবাসী মনে করছেন।

রাস্তার করুণ অবস্থা: সরেজমিনে দেখা গেছে, ৩১ পাড়া-মহল্লার সড়কের কার্পেটিং ও পাথরের খোয়া উঠে খানাখন্দের সৃষ্টি হয়েছে। কোথাও কোথাও বিশাল গর্ত তৈরি হয়ে সারাক্ষণ বৃষ্টির পানি জমে থাকায় যান চলাচল বিঘ্নিত হচ্ছে। নগরের বনকলাপাড়া, সুবিদবাজার, আম্বরখানা, সেনপাড়া, কাজীরবাজার, শেখঘাট, নবাবরোড, আখালিয়া, বাগবাড়ি, নিহারিপাড়া, লেকসিটি, আখালিয়া, করেরপাড়া, রায়নগর, শাপলাবাগ, ভার্থখলা, শাহি ঈদগাহ, টিভিগেট, বালুচর, মদিনা মার্কেট, শিবগঞ্জ, মীরাবাজার, উপশহর, কালীবাড়ি, হাওলাদারপাড়া, ছড়ারপাড়, কামালগড়, কালীঘাট, লালদিঘিরপাড়, আগপাড়া, ধোপাদিঘিরপাড় এলাকার সড়কগুলো দীর্ঘদিন ধরে সংস্কারহীন অবস্থায় রয়েছে।
ধীরগতির কাজেও ভোগান্তি: গত বছর সড়ক সংস্কারের কাজ শুরু হলেও শেষ না হওয়ায় স্থানীয় লোকজন ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তদারকির অভাবে সংশ্লিষ্ট ঠিকাদারেরা দিনের পর দিন এসব সড়কের মাটি খুঁড়ে কার্পিটিং না করেই ফেলে রেখেছেন।
গত অর্থবছরে নগরের বাগবাড়ি থেকে মদিনা মার্কেট এলাকার সড়ক সংস্কারের কাজ শুরু হয়। প্রায় দুই কোটি টাকা ব্যয়ে নির্মীয়মাণ এই সড়কের পাশের নালার কাজ শেষ হলেও সড়ক নির্মাণ এখনো করা হয়নি। এখন সামান্য বৃষ্টিতেই পানি জমে জলকাদায় থিকথিক করে পুরো সড়কটি।
সিটি করপোরেশন জানিয়েছে, আগের নকশা পাল্টিয়ে বাগবাড়ি-মদিনা মার্কেট সড়কটির প্রশস্তে অন্তত ৮ থেকে ১০ ফুট বাড়ানো হয়েছে। বর্তমান নকশায় সড়কটির মাঝখানে কয়েকটি বৈদ্যুতিক খুঁটি পড়ে যাওয়ায় সেগুলো সরানোর জন্য বিদ্যুৎ বিভাগকে চিঠি দেওয়া হয়েছে। খুঁটি সরিয়ে নেওয়া হলেই সংস্কারকাজ পুরোদমে শুরু হবে।
একইভাবে গত অর্থবছরে ৭০ লাখ টাকা ব্যয়ে নগরের কালীবাড়ি সড়ক নির্মাণের কাজ শুরু হয়। চলতি বর্ষা মৌসুমের কিছু আগে এই সড়কের মাটি খুঁড়ে ফেলে রেখে ইটের সুরকি দেওয়া হয়। পরে বৃষ্টি শুরু হওয়ায় কাজ এখন পর্যন্ত থেমে রয়েছে। একই অর্থবছরে নগরের আখালিয়া এলাকার লেকসিটি সড়কটিতে ৬০ লাখ টাকা ব্যয়ে নির্মাণকাজ শুরু হয়। বর্ষার আগে এই সড়কে কেবল বালু ফেলা হয়। কিন্তু বর্ষা মৌসুম শুরু হয়ে যাওয়ায় এসব কাজ পুরোপুরি শেষ হয়ে যায়নি।
সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান বলেন, ‘গত অর্থবছরে যেসব সড়কের সংস্কারকাজ শুরু হয়েছিল, বর্ষা শুরু হওয়ায় সেসব কাজ আটকে আছে। তাই কাজ ধীরগতিতে চলছে, সেটা বলা যাবে না। এর বাইরে যেসব সড়ক নতুন করে ভেঙে গেছে, সেগুলো সংস্কারে উদ্যোগ নেওয়া হবে।’
সড়ক ও জনপথ বিভাগ (সওজ) সিলেটের নির্বাহী প্রকৌশলী আবু এহতেশাম রাশেদ বলেন, ‘নগরে সওজের যেসব সড়ক রয়েছে, এর মধ্যে যে অংশে ভাঙাচোরা রয়েছে, সেখানে ইটের খোয়া, পাথর ও বিটুমিন ফেলে জরুরিভাবে সংস্কার করা হয়েছে। বর্ষা শেষে সড়কগুলোর পূর্ণাঙ্গ সংস্কার করা হবে।’