১ কোটি ৪০ লাখ টাকার বেশি বিদ্যুৎ বিল বকেয়া থাকায় চট্টগ্রামের পাহাড়তলী ও সীতাকুণ্ডের বিভিন্ন এলাকায় ৩১টি মামলা ও ২৭টি সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহারের দায়ে মোট ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ও গত বুধবার চট্টগ্রাম বিদ্যুৎ আদালত পৃথকভাবে এ অভিযানগুলো চালান।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক (জনসংযোগ) মো. মনিরুজ্জামান জানান, বৃহস্পতিবার বিদ্যুৎ আদালতের সিনিয়র ম্যাজিস্ট্রেট মো. হাসানের নেতৃত্বে ফৌজদারহাট ও সীতাকুণ্ডের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১৯ জন গ্রাহকের বিরুদ্ধে অবৈধ সংযোগ ও বিদ্যুৎ বিল পরিশোধ না করার কারণে মামলা করা হয়। অবৈধ সংযোগের জন্য গ্রাহকদের জরিমানা করা হয়েছে ২ লাখ ২০ হাজার টাকা।
এর আগে গত বুধবার পাহাড়তলী থানাধীন সাগরিকা শিল্প এলাকা, ফইল্যাতলী বাজার, কর্নেল জোন্স রোড প্রভৃতি এলাকায় অভিযান চালান বিদ্যুৎ আদালতের সিনিয়র ম্যাজিস্ট্রেট মো. মহিউদ্দিন। অভিযানে ১ কোটি ২৬ লাখ ৩৭ হাজার টাকা বকেয়া ও অবৈধ সংযোগের দায়ে ১২ গ্রাহকের বিরুদ্ধে মামলা করা হয়। সময়মতো বিদ্যুৎ পরিশোধ না করায় গ্রাহকদের আট লাখ টাকা জরিমানা করা হয়েছে।