৩১ মার্চ এক ঘণ্টা বিদ্যুৎ ব্যবহার বন্ধ রাখার আহ্বান
৩১ মার্চ শনিবার রাত সাড়ে আটটা থেকে সাড়ে নয়টা পর্যন্ত এক ঘণ্টা বিদ্যুৎ ব্যবহার বন্ধ রেখে জ্বালানি সংরক্ষণে ‘আর্থ আওয়ার’ পালনের আহ্বান জানিয়েছে বিদ্যুৎ বিভাগ।গতকাল বৃহস্পতিবার রাজধানীর বিদ্যুৎ ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানানো হয়। এ সম্মেলনের আয়োজন করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগ।বিশ্বজুড়ে ক্রমবর্ধমান জ্বালানি-সংকটের নিরিখে জ্বালানি সাশ্রয়ে ২০০৭ সাল থেকে ‘আর্থ আওয়ার’ পালন শুরু হয়। দেশে দেশে প্রতিবছর ৩১ মার্চ এক ঘণ্টা বিদ্যুৎ ব্যবহার বন্ধ রেখে এ কর্মসূচি পালন করা হয়।বিদ্যুৎ প্রতিমন্ত্রী মোহাম্মদ এনামুল হক বলেন, আর্থ আওয়ার পালনের মধ্য দিয়ে জ্বালানি সংরক্ষণে কতটুকু সাফল্য আসবে, সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে, মানুষ বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হবে এবং জলবায়ু পরিবর্তন সম্পর্কে সচেতন হবে।সংবাদ সম্মেলনে বলা হয়, বিশ্বের বহু দেশে বিদ্যুৎহীন ঘণ্টাটি নানা আয়োজনের মধ্য দিয়ে পালন করা হয়ে থাকে। কোনো কোনো দেশে তহবিল সংগ্রহের আয়োজন করা হয়, যা জলবায়ু পরিবর্তন রোধ কর্মসূচিসহ নানা ধরনের পরিবেশ রক্ষামূলক কাজে ব্যবহূত হয়। বিদ্যুৎ বিভাগের সচিব মো. আবুল কালাম আজাদ বলেন, এ কর্মসূচি পালনের মাধ্যমে ৮০০ টন তরল জ্বালানি বাঁচানো যাবে।প্রধানমন্ত্রীর জ্বালানিবিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেন, ইলেকট্রনিক মিডিয়া এক ঘণ্টা সম্প্রচার বন্ধ করে এ বিষয়ে জনসচেতনতা তৈরিতে বিশেষ ভূমিকা রাখতে পারে।