৩১ মার্চের মধ্যে কাজ শেষ করার নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের সব হাওরের ফসল রক্ষা বাঁধের কাজ ৩১ মার্চের মধ্যে শেষ করা নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল বুধবার দুপুরে সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে ‘হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণ’বিষয়ক এক মতবিনিময় সভায় সিলেটের বিভাগীয় কমিশনার ওই নির্দেশ দেন।
বিভাগীয় কমিশনার মো. জামাল উদ্দীন আহমেদ বলেন, ‘বাঁধের কাজ সময়মতো শেষ হয়নি। এ নিয়ে আর কোনো যুক্তি শুনতে চাই না। প্রয়োজনে এ নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলব। যেকোনো উপায়ে ৩১ মার্চের মধ্যে সব হাওরে ফসল রক্ষা বাঁধের কাজ শেষ করতে হবে।’
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড (পাউবো) যৌথভাবে এই মতবিনিময় সভার আয়োজন করে।
সভায় সুনামগঞ্জ পাউবোর নির্বাহী প্রকৌশলী সাঈদ আহম্মদ জানান, ইতিমধ্যে কাজ ৬৫ থেকে ৮০ শতাংশ শেষ হয়েছে। সময়মতো অর্থ বরাদ্দ না পাওয়ায় কাজে ধীরগতি ছিল। এখন টাকা পাওয়া গেছে। সেই সঙ্গে কাজে গতি এসেছে। তবে কাজের নির্ধারিত সময় ২৮ ফেব্রুয়ারি শেষ হওয়ার পর ৩১ মার্চ পর্যন্ত সময় বাড়ানোর জন্য আবেদন করা হয়েছে। তবে বাঁধের কাজের অগ্রগতির বিষয়ে দেওয়া তাঁর বক্তব্যে দ্বিমত পোষণ করেন কয়েকজন ইউএনও ও গণমাধ্যম কর্মী।
সদর উপজেলার ইউএনও তাহসিনা বেগম জানান, তাঁর উপজেলার হাওরের একটি বাঁধের কাজ মাত্র ২৫ থেকে ৩০ ভাগ হয়েছে। জগন্নাথপুরের ইউএনও মো. হুমায়ুন কবীর জানান, জগন্নাথপুরে এ পর্যন্ত বাঁধের কাজ ৫০ থেকে ৬০ শতাংশ হয়েছে।
জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম বলেন, ‘আগেও বলেছি, কারও অবহেলায় হাওরের ফসল ক্ষতিগ্রস্ত হলে এর দায় সংশ্লিষ্টদেরই নিতে হবে।’ তিনি হাওরের প্রতিটি বাঁধের কাজে খেয়াল রাখতে ইউএনওদের নির্দেশ দেন।
জেলায় এ বছর ৪২টি হাওরের ফসল রক্ষায় প্রকল্প বাস্তবায়ন কমিটি (পিআইসি) ও ঠিকাদার বাঁধের কাজ করছে। এতে ব্যয় হবে ২০ কোটি ১৭ লাখ টাকা। পিআইসির মাধ্যমে কাজ হচ্ছে ১৫ কোটি ও ঠিকাদারেরা করছেন পাঁচ কোটি ১৭ লাখ টাকার কাজ।