প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের বিরুদ্ধে থাকা রাডার ক্রয়সংক্রান্ত দুর্নীতি মামলার বিচারকাজ আগামী বছরের ৩১ মার্চের মধ্যে শেষ করতে বিচারিক আদালতকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ ছাড়া অভিযোগপত্রভুক্ত যেসব সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়নি, তাঁদের সাক্ষ্য নেওয়ার অনুমতি দেওয়া হয়েছে।
গতকাল বৃহস্পতিবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি জে বি এম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
২৪ বছর আগে করা ওই মামলার অভিযোগপত্রে থাকা ৩৮ জন সাক্ষীর মধ্যে বাদ পড়া সাক্ষীদের সাক্ষ্য গ্রহণের জন্য নির্দেশনা চেয়ে হাইকোর্টে ১৩ নভেম্বর আবেদন করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ২৩ নভেম্বর ওই আবেদনের ওপর শুনানি শেষ হয়।