৩১ মার্চের মধ্যে সারসংক্ষেপ দাখিলের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরে মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে দণ্ডাদেশের বিরুদ্ধে জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর করা আপিলের সারসংক্ষেপ ৩১ মার্চের মধ্যে দাখিল করতে রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষকে নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। গতকাল মঙ্গলবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ এ আদেশ দেন।
নিজামীর আইনজীবী শিশির মনির পরে প্রথম আলোকে বলেন, আপিল বিভাগ ৩১ মার্চের মধ্যে উভয় পক্ষকে আপিলের সারসংক্ষেপ দাখিল করতে নির্দেশ দিয়েছেন। আদালত বলেছেন, এ সময়ের মধ্যে সারসংক্ষেপ জমা দিতে ব্যর্থ হলে আপিল শুনানির জন্য প্রস্তুত বলে গণ্য হবে।
এর আগে ২৪ ফেব্রুয়ারি আপিল বিভাগ নিজামীর করা আপিলের সারসংক্ষেপ দাখিলের জন্য রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষকে দুই সপ্তাহ সময় দিয়েছিলেন। গতকাল বিষয়টি আদেশের জন্য কার্যতালিকায় আসে। তবে সারসংক্ষেপ জমা পড়েনি। আসামিপক্ষ আপিলের সারসংক্ষেপ দাখিলের জন্য গতকাল চার সপ্তাহ সময়ের আবেদন জানায়।
আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল খোন্দকার দিলীরুজ্জামান।