পটুয়াখালীর ৩১ শয্যাবিশিষ্ট দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন চিকিৎসক দিয়ে কোনোরকমে চিকিৎসার কার্যক্রম চলছে।এই স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ও কর্মচারীদের চাকরি উন্নয়ন খাত থেকে রাজস্ব খাতে স্থানান্তর না হওয়ায় চিকিৎসক এবং কর্মকর্তা-কর্মচারীরা বদলি হয়ে অন্যত্র চলে যান। চিকিৎসকের অভাবে এখানে বেশির ভাগ সময় চিকিৎসাসেবা দেন চিকিৎসা সহকারীরা।হাসপাতাল সূত্র জানায়, ১৯৯৬-৯৭ সালে উন্নয়ন প্রকল্পের আওতায় ৩১ শয্যাবিশিষ্ট এই হাসপাতালের নির্মাণকাজ শুরু হয়। চিকিৎসা কার্যক্রম শুরু হয় ২০০৪ সালে। এখানে একজন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ নয়জন চিকিৎসকের পদ থাকলেও বর্তমানে আছেন শুধু উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা। তাঁকে অধিকাংশ সময় প্রশাসনিক ও অন্যান্য কাজে বাইরে থাকতে হয়। এ অবস্থায় গত মাসে প্রেষণে আনা একজন চিকিৎসক চিকিৎসা কার্যক্রম চালাচ্ছেন। এ ছাড়া দুজন চিকিৎসা সহকারীকেও প্রেষণে এনে এখানে কাজ করানো হচ্ছে। তৃতীয় শ্রেণীর ২১টি পদ থাকলেও কর্মরত আছেন ১২ জন। এদিকে হাসপাতালের এক্স-রে যন্ত্রটি দীর্ঘদিন ধরে অচল। অস্ত্রোপচারকক্ষটি বন্ধ। রোগনির্ণয়ের পরীক্ষা-নিরীক্ষা হয় না বললেই চলে। গত মঙ্গলবার সকালে হাসপাতালে সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নেই। প্রেষণে আসা চিকিৎসক রোগীদের সেবা দিচ্ছেন। দোতলায় আন্তবিভাগের মহিলা ওয়ার্ডে তিনজন এবং পুরুষ ওয়ার্ডে নয়জন রোগী চিকিৎসাধীন। সূত্র জানায়, চিকিৎসক না থাকায় এখানে খুব একটা রোগী আসে না। হাসপাতালে ভর্তি দুমকির পাঙ্গাশিয়া এলাকার রোগী মাজেদা বেগম (৩৫) জানান, এক মাস ধরে তিনি ভর্তি আছেন। তাঁকে অধিকাংশ ওষুধই বাইরে থেকে কিনতে হয়। চিকিৎসক মাজেদা খানম জানান, তিনি এখানে প্রেষণে কাজ করছেন । তাঁর একার পক্ষে সব দিক চালানো অসম্ভব হয়ে পড়ে। তিনি জানান, এখানে যে ওষুধ সরবরাহ হয়, তা-ই রোগীদের দেওয়া হচ্ছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মীর শহীদুল হাসান জানান, প্রশাসনিকসহ অন্যান্য সরকারি কাজে তাঁকে প্রায় বাইরে থাকতে হয়। বর্তমানে প্রেষণের দুজন চিকিৎসকের মধ্যে একজন মাতৃত্বকালীন ছুটিতে আছেন। উন্নয়ন প্রকল্পের আওতায় থাকায় হাসপাতালটির এই অবস্থা। তাঁরা নিয়মিত বেতন পান না। রাজস্ব খাতে স্থানান্তর হলে এ সমস্যা থাকবে না। পটুয়াখালীর সিভিল সার্জন জিতেন্দ্র চন্দ্র রায় হাসপাতালে চিকিৎসক ও জনবল সংকটের কথা স্বীকার করে বলেন, সব সমস্যা নিরসনে তাঁরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছেন।