৩১ শয্যার হাসপাতালে চিকিৎসক একজন
ভোলার মনপুরা উপজেলার এক লাখ ২০ হাজার মানুষের জন্য ৩১ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক আছেন একজন। এখানে রোগ নির্ণয়ের জন্য পরীক্ষা-নিরীক্ষার কোনো যন্ত্রপাতি নেই। এখানে অস্ত্রোপচারও হয় না। গত শনিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, ৩১টি শয্যার মধ্যে আছে ২৬টি। অনেক রোগীদের মেঝেতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। জরুরি বিভাগে কর্তব্যরত দন্ত চিকিৎসক সব রোগীকে ওষুধ দিচ্ছেন। হাসপাতালে চিকিৎসা নিতে আসা মনপুরা কলাতলীর চরের আসমত আলী মাঝি (৫৬) বলেন, তাঁর বুক ধড়ফড় করে, সমস্ত শরীর ব্যথা, শ্বাসকষ্টও আছে। কিন্তু হাসপাতাল থেকে দু-চারটা ট্যাবলেট দিয়ে চিকিৎসক বরিশাল বা ঢাকায় গিয়ে চিকিৎসা করাতে বললেন। আসমত আলীর মতো মনপুরা উপজেলার হাজার হাজার গরিব রোগীর করুণ অবস্থা। মনপুরা মনোয়ারা খাতুন মহাবিদ্যালয়ে শিক্ষক মাহবুবুল আলম জানান, উপজেলার ৮০ শতাংশ পেশাজীবী দরিদ্র জেলে। বাকিরা কৃষিসহ অন্য পেশায় জড়িত। রোগে আক্রান্ত হলে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সই তাঁদের একমাত্র ভরসা। ভোলা সদর, বরিশাল বা ঢাকায় গিয়ে চিকিৎসা করানোর আর্থিক সামর্থ্য তাঁদের নেই।মনপুরা উত্তর সাকুচিয়া ইউপির চেয়ারম্যান জাকির হোসেন ও দক্ষিণ সাকুচিয়া ইউপির চেয়ারম্যান অলিউল্যাহ জানান, ডায়রিয়া, জ্বর, শ্বাসকষ্টে আক্রান্ত রোগীরা হাসপাতালে গিয়ে ভালো চিকিৎসা পাচ্ছে না।হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বে থাকা দন্ত চিকিৎসক মেহেদী মাসুদ বলেন, ‘হাসপাতালে প্রতিদিন ২০০ রোগী চিকিৎসা নিচ্ছে। কিন্তু পুরো হাসপাতালে চিকিৎসক তিনি একাই, তাঁকে সহযোগিতা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কর্মকর্তা। উত্তর ও দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নে ঝড়ের পরে পানিবাহিত রোগে আক্রান্তের সংখ্যা বেড়েছে। তিনি একা সামাল দিতে পারছেন না। হাসপাতালে শয্যাসংকটও রয়েছে। এ জন্য অনেক রোগীদের মেঝেতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কর্মকর্তা এ এফ এম রফিকুল ইসলাম বলেন, হাসপাতালে চিকিৎসা কর্মকর্তার ১২টি পদ থাকলেও কর্মরত আছেন একজন; তিনিও বর্তমানে ছুটিতে। এখানে টেকনিশিয়ানের অভাবে কোনো পরীক্ষা-নিরীক্ষা হয় না। এক্স-রে, ইসিজি, আলট্রাসনোগ্রামের কোনো যন্ত্রপাতি নেই। নেই বিদ্যুতের সুবিধা, এখানে কোনো অস্ত্রোপচার হয় না। তিনি আরও বলেন, চিকিৎসকসংকটের কথা বারবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালেও কোনো কাজ হচ্ছে না।