যশোর শহরের ব্যস্ততম ৩১টি সড়কের একটিতেও হেঁটে চলার পথ (ফুটপাত) নেই। এ কারণে বিভিন্ন সড়কের যানজট-জনজটে নাকাল যশোর শহরবাসী।জানা গেছে, যশোর পৌরসভা এবং সড়ক ও জনপথ (সওজ) বিভাগ কর্তৃপক্ষ বিভিন্ন সময়ে এসব সড়ক নির্মাণ করেছে। সম্প্রতি পৌরসভা ১১টি ও সওজ একটি সড়ক পুনর্নির্মাণ ও সংস্কারের কাজ বাস্তবায়ন করেছে। অথচ এবারও কোনোটিতে ফুটপাত রাখা হয়নি।পৌরসভা সূত্রে জানা গেছে, পৌর এলাকার সাড়ে ১৪ বর্গকিলোমিটারের মধ্যে দুই লাখ ৪৫ হাজার মানুষ বাস করে। এ এলাকায় সাড়ে সাত শ ব্যাটারিচালিত ইজিবাইক চলাচলের ধারণক্ষমতা থাকলেও চলছে তিন থেকে সাড়ে তিন হাজার ইজিবাইক। পাশাপাশি সাড়ে আট হাজার রিকশা ও আড়াই হাজার ভ্যান চলাচল করছে।খোঁজ নিয়ে জানা গেছে, এম এম আলী সড়কে অক্ষর শিশু শিক্ষালয়, যশোর কালেক্টরেট স্কুল ও যশোর ইনস্টিটিউট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অন্তত হাজার খানেক শিশুশিক্ষার্থী লেখাপড়া করছে। অভিভাবকেরা গাড়িসহ বিভিন্ন বাহন নিয়ে ছেলেমেয়েদের স্কুলে আনা-নেওয়া করেন। এ কারণে সকালে স্কুলে যাওয়ার সময় ও দুপুরে ছুটির সময়ে এ সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। নীলরতন ধর সড়কে নব কিশলয় প্রি-ক্যাডেট স্কুল, মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও সুরধ্বনি সংগীত নিকেতনে রয়েছে হাজার দুয়েক শিক্ষার্থী। এ সড়কেও সকাল ও দুপুরে একই অবস্থার সৃষ্টি হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সড়কে যশোর জিলা স্কুল, ওয়াই ডব্লিউ সি নার্সারি স্কুল ও বাদশা ফয়সাল ইসলামি ইনস্টিটিউটসহ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান ও গোটা দশেক মৎস্য উৎপাদনকারী প্রতিষ্ঠান (হ্যাচারি) রয়েছে।শহরের রবীন্দ্রনাথ, নেতাজি সুভাষ চন্দ্র বসু, হজরত গরিব শাহ, মুন্সী মেহেরুল্লাহ, গুরুদাস বাবু, বসন্ত কুমার, পিটিআই, রেল, জেল, হাজী মোহম্মদ মহসীন লেন এবং কাপুড়িয়া পট্টি, চুড়ি পট্টিসহ ৩১টি সড়কের কোনটিতেই ফুটপাত নেই।শহর যানবাহন (ট্রাফিক) পুলিশের পরিদর্শক শামসুল আলম বলেন, শহরের কোনো সড়কে ফুটপাত তো নেই-ই, উপরন্তু রাস্তাগুলোও অত্যন্ত সরু। সড়কে ধারণক্ষমতার বেশি অবৈধ যানবাহন চলাচল করছে। এ জন্য যানজটের সৃষ্টি হচ্ছে।পৌর মেয়র মারুফুল ইসলাম বলেন, শহরে ধারণক্ষমতার চেয়ে অনেক বেশি মানুষ বসবাস করছে। যানবাহনের চলাচলও ধারণক্ষমতা অতিক্রম করেছে। সংগত কারণেই শহরে যানজট-জনজটের সৃষ্টি হচ্ছে। ফুটপাত নির্মাণ ছাড়া এ অবস্থা থেকে সহসা উত্তরণের কোনো পথ নেই। ফুটপাত নির্মাণের উদ্যোগ নিলেই প্রভাবশালী ব্যবসায়ীদের রোষানলে পড়তে হয়। সড়কের জায়গা উদ্ধারের জন্য প্রশাসনকেই অগ্রণী ভূমিকা নিতে হবে। বিষয়টি আগামী মাসে জেলা আইনশৃঙ্খলাবিষয়ক সভায় উত্থাপন করা হবে।সওজের উপবিভাগীয় প্রকৌশলী এস এম মোয়াজ্জেম হোসেন বলেন, কয়েকবার ফুটপাত নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। কিন্তু সড়কের দুই পাশের দোকানদারেরা জায়গা ছাড়তে চান না। তবে সড়কের দুই পাশে ফুটপাত নির্মাণের বিষয়টি নতুন প্রকল্প প্রস্তাবনায় ঢোকানোর পরিকল্পনা নেওয়া হচ্ছে।