অযত্ন আর অবহেলায় রাজধানীর বেশির ভাগ পার্ক ও খেলার মাঠই বেহাল। নষ্ট হয়ে গেছে পরিবেশ, ভবঘুরে আর বাউন্ডুলেদের আড্ডার স্থানে পরিণত হয়েছে এগুলো। নিজেদের তত্ত্বাবধানে থাকা ৩১টি পার্ক ও খেলার মাঠ উন্নয়নে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নিয়েছে বিশেষ উদ্যোগ।
পার্ক ও মাঠগুলোর বর্তমান অবস্থা নিরূপণ, পৃথক নকশা প্রণয়ন, ব্যবহারের উপযোগী করতে করণীয়—এসব নিয়ে কাজ করতে কয়েকটি স্থাপত্য নকশাকারী প্রতিষ্ঠানকে দায়িত্ব দিয়েছে ডিএসসিসি। চলতি বছরের আগস্ট মাস থেকে প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করেছে। এসব প্রতিষ্ঠানের নেতৃত্বে আছে স্থাপত্য নকশাকারী প্রতিষ্ঠান সাতত্য। অন্যান্য প্রতিষ্ঠানের মধ্যে আছে জেপি জেড, ঘরামী জন, জিওএএটি, কিউব ইনসাইড, ভিত্তি, মৃণ্ময়ী অ্যান্ড আরবান ল্যাব, ডোরস, টিকেএনআরকে, কেটুএএইচ, অ্যাটেলিয়ার রবিনস আর্কিটেক্টস, নেক্সট ডোর ও রি-ফর্ম।
ডিএসসিসির ৩১টি পার্ক ও খেলার মাঠ উন্নয়নের এই প্রকল্পের নাম ‘জল সবুজে ঢাকা’। এ বিষয়ে সাতত্যের স্বত্বাধিকারী স্থপতি রফিক আজম প্রথম আলোক বলেন, ব্যাপারটা শুধু নকশা প্রণয়ন নয়, পার্ক ও খেলার মাঠ নিয়ে মানুষের আচরণ বোঝার চেষ্টা করা হচ্ছে। উন্নয়ন হলে তা কেমন করে টেকসই করা যাবে, সে বিষয়ে কাজ হচ্ছে।
প্রতিষ্ঠানগুলো ১৯টি পার্ক ও ১২টি খেলার মাঠের উন্নয়নে কাজ করছে। তবে কাজ করতে গিয়ে নকশাকারী প্রতিষ্ঠানগুলো দেখতে পায়, কাগজে-কলমে পার্ক-খেলার মাঠ নাম থাকলেও সেগুলোর কোনো আলাদা বৈশিষ্ট্য নেই। পার্কে লোকজন হাঁটছে, কিশোর-তরুণেরা খেলছে। মাঠের চিত্রও তাই। তাই প্রতিষ্ঠানগুলো পার্ক ও খেলার মাঠের একই বৈশিষ্ট্য রেখে নকশা করছে।
তরুণ ও জ্যেষ্ঠ স্থপতিদের ভাবনার মিশেলে পার্ক ও খেলার মাঠের নকশা ও উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন করা হচ্ছে। কাজের শুরুর আগেই সাতত্যের প্রতিনিধিরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গিয়েছেন। যেসব শিক্ষার্থী খেলার মাঠ বা পার্ক নিয়ে গবেষণা বা থিসিস করেছেন, তাঁদের খুঁজে বের করে পার্ক ও খেলার মাঠ উন্নয়নকাজে যুক্ত করেছেন। তরুণ-জ্যেষ্ঠ মিলিয়ে মোট ৭০ জন স্থপতি এ প্রকল্পে কাজ করছেন।
জানা গেছে, সীমানাদেয়াল না রেখে পার্ক ও মাঠগুলো উন্মুক্ত রাখার পরিকল্পনা করা হচ্ছে। পরিচ্ছন্ন সবুজ মাঠ থাকবে, পাশে হাঁটাপথ, বিশ্রামের জায়গা, ডিজিটাল গ্রন্থাগারসহ নানান সুবিধা রাখা হবে।
স্থপতি রফিক আজম বলেন, খেলার মাঠ ও পার্কগুলোর সঙ্গে জনসম্পৃক্ততা বাড়ানো দরকার। দেয়াল দিয়ে এগুলোকে সংরক্ষিত সম্পত্তি বানিয়ে ফেলা হয়েছে। জনসমাগম না হলে অসামাজিক কাজ হওয়ার সুযোগ বাড়ে। জনসমাগম বাড়ানো গেলে এলাকার লোকজনই এগুলোর দেখভালে এগিয়ে আসবেন।
ঢাকা দক্ষিণের ২০১৫-১৬ অর্থবছরের সংশোধিত বাজেটে পার্ক ও খেলার মাঠ উন্নয়ন ও রক্ষণাবেক্ষণে খরচ হয়েছে ১ কোটি ২০ লাখ টাকা। ২০১৬-১৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে পার্ক উন্নয়নে ৩৬ কোটি ও খেলার মাঠ উন্নয়নে ১৫ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এর মধ্যে সিটি করপোরেশনের নিজস্ব অর্থ ১ কোটি আর বাকিটা প্রকল্প-সহায়তা।
এ বিষয়ে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিলাল প্রথম আলোকে বলেন, অধিকাংশ পার্ক ও মাঠ ব্যবহারের অনুপযোগী, কোথাও বেদখল হয়ে গেছে। লোকজন যেতে চান না। নাগরিক সুবিধা নিশ্চিতের অংশ হিসেবে পার্কগুলো ব্যবহারের উপযোগী করা এবং টেকসই করতে উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যে পাইলট প্রকল্প হিসেবে কাজ শুরু হয়েছে।
জল সবুজের ঢাকা প্রকল্পে যেসব মাঠের নকশা করা হচ্ছে, তার মধ্যে রয়েছে কলাবাগান মাঠ, বাসাবো মাঠ, লালবাগের দেলোয়ার হোসেন মাঠ, আমলিগোলা মাঠ, শহীদনগর মিনি স্টেডিয়াম, বালুরঘাট মাঠ ও শহীদ আবদুল আলিম মাঠ, বাবুবাজারের রহমতগঞ্জ মাঠ, বংশালের সামসাবাদ মাঠ, বাংলাদেশ মাঠ, গোলাপবাগ খেলার মাঠ এবং ধোলাইখালের সাদেক হোসেন খেলার মাঠ।
পার্কের মধ্যে রয়েছে কারওয়ান বাজারের পান্থকুঞ্জ, গুলিস্তানের ওসমানি উদ্যান, যাত্রাবাড়ী পার্ক, শরাফতগঞ্জ পার্ক, গুলিস্তান পার্ক, জিন্দাবাহারের সিরাজউদ্দৌলা পার্ক, জগন্নাথ সাহা রোড পার্ক, হাজারীবাগ পার্ক, নবাবগঞ্জ পার্ক, বংশালের সিক্কাটুলি পার্ক, বংশাল পার্ক, মালিটোলা পার্ক, ওয়াটার ওয়ার্কস রোডের বশিরউদ্দিন পার্ক, সায়েদাবাদের আউটফল স্টাফ কোয়ার্টার শিশুপার্ক, মতিঝিল পার্ক, ধানমন্ডি ৩ নম্বর পার্ক, হাজারীবাগের গজমহল পার্ক, বকশীবাজার পার্ক ও রসুলবাগ শিশুপার্ক।