৩১টি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় ৩১টি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই। সহকারী শিক্ষকেরা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন। এতে বিদ্যালয়গুলোতে পাঠদান ও প্রশাসনিক কাজ ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষকেরা।
উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্র জানায়, বিদ্যালয়গুলোতে দুই থেকে পাঁচ বছর ধরে প্রধান শিক্ষকের পদগুলো শূন্য রয়েছে। প্রতি মাসেই শিক্ষা অফিস সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করে। কিন্তু ফলাফল শূন্য।
চর আবাবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৪০০ শিক্ষার্থী রয়েছে। শিক্ষকের পদ আছে নয়টি। কর্মরত আছেন ছয়জন। সহকারী শিক্ষক মো. বিল্লাল হোসেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্বে আছেন। তাঁকে প্রশাসনিক কাজ নিয়েই বেশি ব্যস্ত থাকতে হয়। অন্য শিক্ষকদের কোনোমতে পাঠদান চালাতে হয়।
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিল্লাল হোসেন বলেন, প্রধান শিক্ষকের পদটি প্রায় দুই বছর ধরে শূন্য রয়েছে। ফলে অনেক কষ্টে পাঠদান চালাতে হচ্ছে।
বিদ্যালয় সূত্রে জানা যায়, প্রতিটি বিদ্যালয়ে প্রধান শিক্ষকসহ পাঁচ-ছয়জন করে শিক্ষক থাকার নিয়ম। শিক্ষার্থীর সংখ্যা তিন শর বেশি হলে শিক্ষক আরও বেশি দেওয়ার নিয়ম রয়েছে। এর মধ্যে প্রধান শিক্ষক না থাকলে সেখানে সহকারী শিক্ষক ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্বে থাকেন। তাঁকে বেশির ভাগ সময় উপজেলা পর্যায়ের বিভিন্ন সভা নিয়ে ব্যস্ত থাকতে হয়। ক্লাস নেওয়ার সুযোগ নেই। বাকি তিন-চারজন শিক্ষকের পক্ষে পাঠদান করা অসম্ভব হয়ে পড়ে।
চর কাচিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঁচ বছর ধরে প্রধান শিক্ষক নেই। একজন সহকারী শিক্ষক প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। অন্য সাতজন শিক্ষক ৮০০ শিক্ষার্থী নিয়ে হিমশিম খাচ্ছেন। বিদ্যালয়টিতে শিক্ষকের পদ আছে নয়টি।
বিদ্যালয়টির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. জাকির হোসেন বলেন, ‘অনেক সমস্যার মধ্যে আছি। মাসের অধিকাংশ দিনই মিটিং থাকে। তারপর মাঝেমধ্যে আবার ভোটার তালিকা হালনাগাদ বা বাড়ি বাড়ি গিয়ে বিভিন্ন গণনা করতে হয়। এ কারণে ক্লাস নেওয়া যায় না।’
উপজেলার ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফাতেমা ফেরদৌসী বলেন, প্রধান শিক্ষক না থাকায় ৩১টি বিদ্যালয়ে লেখাপড়ায় বিঘ্ন ঘটছে। তা ছাড়া সহকারী শিক্ষক প্রধানের দায়িত্বে থাকলে অন্য শিক্ষকেরা তাঁর কথা শুনতে বা মানতে চান না। এ কারণে নানা সমস্যার সৃষ্টি হয়। প্রতি মাসেই প্রাথমিক শিক্ষা কার্যালয় থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি লিখিতভাবে জানানো হয়। তারপরও কিছু হচ্ছে না।