খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) পাড়া-মহল্লার অধিকাংশ সড়ক বছরের পর বছর ধরে সংস্কার হচ্ছে না। এসব সড়কের কার্পেটিং উঠে গেছে। এতে কমপক্ষে দুই লাখ বাসিন্দা দুর্ভোগ পোহাচ্ছেন।
সিটি করপোরেশনের প্রকৌশল শাখা জানিয়েছে, নগরে ৩৭৫ কিলোমিটার পাকা সড়ক রয়েছে। সেমিপাকা রয়েছে ২১৯ কিলোমিটার, কাঁচা ৮৯ কিলোমিটার। পাকা সড়কের ৪৫ শতাংশ পাড়া-মহল্লায় এবং বাকি ৫৫ শতাংশ নগরের প্রধান সড়ক। পাড়া-মহল্লার সড়কগুলোর ১৫ থেকে ২০ শতাংশ ভাঙাচোরা অবস্থায় রয়েছে বলে সিটি করপোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন। তবে এ তথ্যের চেয়েও বেশি পরিমাণে সড়ক ভাঙাচোরা রয়েছে বলে নগরবাসীর অনেকের দাবি।
সরেজমিনে দেখা গেছে, ৩১ পাড়া-মহল্লার সড়কের কার্পেটিং ও পাথরের খোয়া উঠে খানাখন্দের সৃষ্টি হয়েছে। কোথাও কোথাও বড় বড় গর্ত তৈরি হয়েছে। ওই গর্তে সারাক্ষণ বৃষ্টির পানি জমে থাকায় যান চলাচল বিঘ্নিত হচ্ছে। নগরের শীতলাবাড়ি, বাগমারা, মেটেপোল থেকে মুচিবাড়ি, কৃষ্ণর মোড় থেকে মৌলভীর মোড়, শিরোমণি শিল্পাঞ্চল সড়ক, আহমদিয়া স্কুল সড়ক, শিরোমণি কেডিএ আবাসিক সড়ক, খানজাহান আলী থানা সড়ক, বাদামতলা-কেবলঘাট সড়ক, আহমদিয়া মসজিদ সড়ক, এলাকার সড়কগুলো দীর্ঘদিন ধরে সংস্কারহীন অবস্থায় রয়েছে।
ভুক্তভোগীরা জানান, পাড়া-মহল্লার সড়কগুলো দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় তা চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। একটু বৃষ্টি হলেই পানি জমে যায়। তখন ঘর থেকে বের হয়ে মূল সড়কে আসা দুষ্কর হয়ে যায়। সন্তানদের স্কুলে যাওয়া হয় বন্ধ।
বাগমরা এলাকার বাসিন্দা তারক চন্দ্র কুণ্ডু বলেন, ‘বাগমারা সড়কটির অবস্থা এতটাই ভয়াবহ যে হেঁটে চলা মুশকিল। আর রিকশায় চলা তো আরও ভয়াবহ।’
খুলনা নাগরিক ফোরামের চেয়ারপারসন শেখ আবদুল কাইয়ুম বলেন, পাড়া-মহল্লার সড়কগুলো দেখলে মনে হয় এর কোনো মা-বাবা নেই। আর ওই এলাকার বাসিন্দাদের অবস্থা আরও ভয়াবহ। কেসিসির কর্মকর্তাদের সড়কগুলো মেরামত করার যেন কোনো দায় নেই। অথচ এর জন্য নিয়মিত কেসিসির বাসিন্দারা কর দেন। সড়কগুলো দ্রুত মেরামতের দাবি জানান তিনি।
কেসিসির প্রধান প্রকৌশলী মো. নাজমুল ইসলাম বলেন, ‘আমাদের পাড়া-মহল্লার সড়কগুলো বেশ খারাপ। এগুলো সংস্কারের জন্য ছোট ছোট প্রকল্প কেউ দিতে চায় না। সবাই চায় বড় প্রকল্প দিতে। সে কারণে এগুলো সংস্কার হচ্ছে না। তবে আমরা কাউন্সিলরদের বরাদ্দ থেকে এগুলো সংস্কারের উদ্যোগ নেব।’