চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় গতকাল বৃহস্পতিবার ছাত্রশিবির কর্মীদের সঙ্গে ব্যবসায়ী ও আওয়ামী লীগের কর্মীদের সংঘর্ষ হয়েছে। সিরাজগঞ্জের দুটি স্থানে হরতাল-সমর্থকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। বগুড়ায় হরতালকারীরা ২৩টি যানবাহন ভাঙচুর করে। এ ছাড়া বাগেরহাট, নাটোর ও জয়পুরহাটে দুটি করে এবং সিরাজগঞ্জে একটি যানবাহন ভাঙচুর করেছে হরতালকারীরা। সিরাজগঞ্জে একটি ট্রাকে ভাঙচুরের পর অগ্নিসংযোগ করা হয়। পিরোজপুরের মঠবাড়িয়া, গোপালগঞ্জ, যশোর, নাটোর, বাগেরহাট ও সিরাজগঞ্জে ২২ জনকে আটক করেছে পুলিশ।প্রত্যক্ষদর্শী ও পুলিশের বরাত দিয়ে খবর জানাচ্ছেন ঢাকার বাইরে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিরা:চাঁপাইনবাবগঞ্জ: বেলা পৌনে ১১টার দিকে সদর উপজেলার বারঘরিয়া বাজার এলাকায় চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ সড়কে মোটরসাইকেল চালানোর সময় এক ব্যবসায়ীর সঙ্গে দুর্ব্যবহার করেন শিবির কর্মীরা। পরে বারঘরিয়া বাজারের ব্যবসায়ী ও আওয়ামী লীগের কর্মীরা জড়ো হয়ে শিবির কর্মীদের ধাওয়া করেন। একপর্যায়ে উভয় পক্ষে সংঘর্ষে বেধে যায়। প্রায় আধা ঘণ্টা ধরে চলা সংঘর্ষে উভয় পক্ষের তিনজন আহত হন।সিরাজগঞ্জ: ভোরে সিরাজগঞ্জ-রায়গঞ্জ আঞ্চলিক সড়কের তেলকুপি এলাকায় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেন শিবির কর্মীরা। এ সময় একটি ট্রাক ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। কিছুক্ষণ পরে সদর উপজেলার খোকসাবাড়ীতে জামায়াত-শিবির কর্মীদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া হয়। ওই সময় পুলিশের একটি গাড়ি ভাঙচুর করে হরতালকারীরা। কাঠেরপুল এলাকায় এক জামায়াত কর্মীকে আটক করে পুলিশ। সকাল সাড়ে ১০টার দিকে জেলার কামারখন্দের বানিয়াগাতিতে হরতালকারীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে।বগুড়া ও শেরপুর: ভোর সোয়া ছয়টার দিকে বগুড়া শহরের নিশিন্দারা উপশহর এলাকায় পুরাতন দিনাজপুর সড়কে সিএনজিচালিত একটি অটোরিকশা ও দুটি মোটরসাইকেল ভাঙচুর করেন শিবির কর্মীরা। বেলা সাড়ে ১০টার দিকে বগুড়া-ঢাকা সড়কের বেতগাড়িতে ১৫টি ও শহরের কলোনি এলাকায় তিনটি যানবাহন ভাঙচুর করা হয়। দুপুর ১২টায় শেরপুর উপজেলার কাঁঠালতলা এলাকায় দুটি যানবাহন ভাঙচুর করা হয়।জয়পুরহাট: জয়পুরহাট-পাঁচবিবি সড়কের পুরানাপৈল এলাকায় ভোর ছয়টার দিকে পুলিশের একটি দল যায়। সেখানে জামায়াত-শিবিরের ২৫-৩০ জন কর্মী পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। এ সময় চারটি কাঁদানে গ্যাসের শেল ও দুটি রাবার বুলেট ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। সকালে একটি ট্রাক্টর ও ব্যাটারিচালিত একটি অটোরিকশা ভাঙচুর করে হরতালকারীরা।বাগেরহাট: পুলিশ সুপার খন্দকার রফিকুল ইসলাম জানান, সকাল আটটার দিকে ১০-১২ জন শিবির কর্মী সদর উপজেলার মেগনিতলায় বাগেরহাট-খুলনা সড়কে সংবাদপত্রবাহী একটি টেম্পো ভাঙচুর করে পালিয়ে যান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাস্তার পাশের বাগানে অভিযান চালিয়ে দুই শিবির কর্মীকে আটক করে। একই সড়কে সকালে আরও দুটি যানবাহন ভেঙেছেন শিবির কর্মীরা।নাটোর: জেলার বড়াইগ্রাম উপজেলার কয়েনবাজার ও টাউট মোড় থেকে গতকাল চার জামায়াত কর্মীকে আটক করে পুলিশ। বেলা ১১টার দিকে সদর উপজেলার হয়বতপুর মোড়ে হরতাল-সমর্থকেরা দুটি অটোরিকশা ভাঙচুর করে।মঠবাড়িয়া (পিরোজপুর): হরতালে নাশকতা সৃষ্টির আশঙ্কায় গত বুধবার দিবাগত রাতে বিএনপি ও জামায়াত-শিবিরের ছয় কর্মীকে আটক করে মঠবাড়িয়া থানার পুলিশ।গোপালগঞ্জ: গতকাল কাশিয়ানী উপজেলা জামায়াতের আমির কাওছার আলী সিকদার, মুকসুদপুর উপজেলার দিগনগর ইউনিয়ন জামায়াতের আমির একরামুজ্জামান আকরামসহ পাঁচ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।সাতক্ষীরা: হরতালের আগে বাস ভাঙচুর ও পুলিশের ওপর হামলার অভিযোগে জামায়াতের ছয় কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে জেলার বিভিন্ন উপজেলার গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।আদমদীঘি (বগুড়া): নওগাঁ জেলা শহরের তাজের মোড় ও কাজীর মোড় এলাকায় হরতাল পালনের সময় তিন শিবির কর্মীকে গ্রেপ্তার করে সদর মডেল থানার পুলিশ।এ ছাড়া গতকাল খুলনা ও কুড়িগ্রামে শান্তিপূর্ণভাবে হরতাল পালনের খবর পাওয়া গেছে। লালমনিরহাটে হরতাল পালনকারীদের দেখা যায়নি।