৩১টি লঞ্চের ফিটনেস নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাইরে রংচঙে দেখে নতুন মনে হয়। ভেতরে ঢুকলে বোঝা যায় লঞ্চগুলো কত জরাজীর্ণ আর পুরোনো। প্রায় লঞ্চের বসার সিট ভাঙা, জানালা নেই বললেই চলে। বৃষ্টি এলে ভেজা ছাড়া কোনো গত্যন্তর থাকে না যাত্রীদের। কাওড়াকান্দি-মাওয়া নৌপথে চলাচলকারী অনেক লঞ্চের চিত্র এটি। এই পথে ৮১টি লঞ্চ চলে। এর মধ্যে ৩১টিরই ফিটনেস সনদ নেই। এই পথে চলাচলকারী নৌযানের মধ্যে লঞ্চ ছাড়াও রয়েছে চার শতাধিক স্পিডবোট ও শতাধিক ইঞ্জিনচালিত নৌকা (ট্রলার)। লঞ্চ ছাড়া বাকি নৌযানগুলোর চলাচলের কোনো বৈধতাই নেই বলে জানা গেছে। বরিশাল থেকে আসা যাত্রী জসিম মিয়া বলেন, ‘ঢাকা যাওয়া সহজ বলে আমরা এ পথ দিয়ে যাই। কিন্তু এখানকার লঞ্চগুলো দেখলে মনে হয় মান্ধাতা আমলের। বাইরে রং করে নতুন করা হলেও লঞ্চের ভেতরের অবস্থা দেখলে বোঝা যাবে, এটা কত আগের। তার ওপর আবার যেভাবে যাত্রী বোঝাই করা হয় তাতে ভয় লাগে, যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে।’পিরোজপুরের যাত্রী সোনিয়া ও চায়না আক্তার বলেন, ‘যেসব চালক দিয়ে লঞ্চ চালানো হয়, দেখে মনে হয় না তাঁরা প্রশিক্ষণপ্রাপ্ত চালক। শুনেছি, গত পরশু দিন (২৩ সেপ্টেম্বর) মাওয়ার ওই পারে একটি লঞ্চ ও ফেরির ধাক্কা লেগে যাত্রী মারা গেছে। অভিজ্ঞ চালক হলে এমনটি হওয়ার কথা নয়।’শিবচরের দ্বিতীয়াখণ্ড এলাকার আলতাফ বলেন, ‘গত সপ্তাহে ঢাকায় যাওয়ার সময় মাওয়ার পারে গিয়ে আমাদের লঞ্চটি ডুবে যায়। ভাগ্য ভালো, তীরে ছিল। বউ-বাচ্চাদের নিয়ে উঠতে পেরেছি। তবে সেদিন অনেকেই আহত হয়েছে।’বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) একটি সূত্র জানায়, মাওয়া-কাওড়াকান্দি নৌপথে ৮১টি লঞ্চ, চার শতাধিক স্পিডবোট ও শতাধিক ইঞ্জিনচালিত নৌকা চলে। এসব নৌযান ধারণক্ষমতার চেয়ে অতিরিক্ত যাত্রী নিয়ে ১৬ কিলোমিটার দূরত্বের পদ্মা নদী পাড়ি দেয়। এর মধ্যে লঞ্চ ছাড়া বাকি নৌযানগুলোর চলাচলের কোনো বৈধতা নেই। বিআইডব্লিউটিসির সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) আশিকুর রহমান বলেন, ‘আসলে অদক্ষ চালক দিয়ে চালানোর ফলে মাঝেমধ্যে দুর্ঘটনা ঘটে। এ ছাড়া লঞ্চ ও ফেরিঘাটের মধ্যে দূরত্ব কম করে হলেও ৫০০ গজ থাকার কথা। কিন্তু এখানে রয়েছে মাত্র ১০০ গজ। যার ফলে ২৩ সেপ্টেম্বরের দুর্ঘটনাটি ঘটল।’ বন্দর কর্মকর্তা বাবুলাল বৈদ্য বলেন, ‘ঘাটের ৮১টি লঞ্চের মধ্যে মাত্র ৫০টির ফিটনেস সনদ আছে। লঞ্চ মালিক সমিতির গাফিলতির কারণেই ফিটনেসহীন লঞ্চগুলো চলছে।’ কাওড়াকান্দি লঞ্চ মালিক সমিতির সভাপতি আতাহার বেপারী বলেন, ‘ঘাটে অনেক লঞ্চের ফিটনেস সনদ নেই। বিআইডব্লিউটিএর কর্মকর্তাদের অব্যবস্থাপনার জন্য এমনটি হচ্ছে। আমি তাঁদের সঙ্গে বারবার কথা বলেও কোনো সমাধান পাইনি।’