৩১০ একরের বিল বেদখল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহের মহেশপুর উপজেলার ৩১০ একর আয়তনের ভাগড়ির বিলের পুরোটা বেদখল হয়ে গেছে। স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা বেশির ভাগ জমি গোপনে নিজেদের নামে রেকর্ড করে সরকারি বিলটি দখলে নিয়েছেন বলে অভিযোগ উঠেছে। পরে রেকর্ডবিহীন জমিগুলোও দখল করে নেন প্রভাবশালীরা।দখলকারীরা সেখানে পুকুর নির্মাণ করে মাছ চাষ ও নিচু জমি ভরাট করে চাষাবাদ করছেন। এমনকি সেখানে গড়ে তোলা হয়েছে একটি গরুর খামারও। ফলে পুরো বিলের অস্তিত্ব বিপন্ন হয়ে পড়েছে। পাশাপাশি গ্রামের দরিদ্র জেলেরা মাছ ধরা থেকে বঞ্চিত হচ্ছেন।সরেজমিনে দেখা গেছে, বিলের মাঝখানে একটি গরুর খামার আর বেশ কয়েকটি পুকুর তৈরি করা হয়েছে। কোথাও কোথাও বিলের জমি ভরাট করে চলছে চাষাবাদ। দেখে বোঝার উপায় নেই এটা বিল।স্থানীয় শ্রীপুর গ্রামের বাসিন্দা মনিরুল ইসলাম জানান, উপজেলার ৪১ নম্বর শ্রীপুর বাঙ্গালিনী মৌজায় রয়েছে ভাগড়ির বিল। আগে বিলের পানিতে মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন এলাকার দরিদ্র জনগোষ্ঠী। মনিরুল অভিযোগ করেন, এসএ রেকর্ডের সময় এলাকার কিছু প্রভাবশালী বিলের প্রায় ২০০ একর জায়গা গোপনে তাঁদের নামে রেকর্ড করে নেন। পরে শুরু হয় দখল-প্রক্রিয়া। একে একে প্রায় ৩০ থেকে ৩৫ ব্যক্তি গোটা বিলের জায়গাই দখল করে নেন। ফলে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে বিলটি।পাশের বাঁশবাড়িয়া গ্রামের তরিকুল ইসলাম বলেন, বিলের জমি দখল হয়ে যাওয়ার পর এলাকার মানুষ আর পানিতে নামতে পারে না। মাছ ধরা থেকে বঞ্চিত হচ্ছেন দরিদ্র জেলেরা। তিনি আরও বলেন, সরকারি বিলের জমি শুধু দখল নয়, কেনাবেচাও হচ্ছে। এসএ রেকর্ডের ওপর ভিত্তি করে দখলকারীরা জমি বিক্রি করছেন। সম্প্রতি লেবুতলা গ্রামের কওছার আলীর কাছ থেকে শ্রীপুর গ্রামের সামছুজ্জামান ২৫৬ শতক জমি কিনেছেন। সরকারি খতিয়ানভুক্ত জমি হলেও এসএ রেকর্ডের ভিত্তিতে নিবন্ধন করা হয়েছে এই জমি। এ ব্যাপারে সামছুজ্জামান বলেন, অনেকের কেনা দেখে তিনিও এই জমি কিনেছেন। দীর্ঘদিন ধরে এই জমি ব্যক্তিমালিকানায় রয়েছে। যে কারণে তিনি ভয়ের কিছু দেখছেন না। দখলকারীদের একজন মহিদুল ইসলাম জানান, বিলের মধ্যে তাঁর প্রায় ১৮ একর জমি রয়েছে। সেখানে তিনি একটি গরুর খামার গড়ে তুলেছেন। এই জমি অনেক আগে তিনি কিনেছেন বলে দাবি করেন। কার কাছ থেকে কিনেছেন জানতে চাইলে তিনি বলেন, ‘এই মুহূর্তে বলতে পারব না।’সরকারি জমি ব্যক্তিমালিকানায় কীভাবে রেকর্ড করা হলো জানতে চাইলে বাঁশবাড়িয়া ইউনিয়নের উপসহকারী ভূমি কর্মকর্তা জমির হোসেন বলেন, ভাগড়ির বিল শ্রীপুর বাঙ্গালিনী মৌজার বেশ কয়েকটি দাগে বিভক্ত। এসএ রেকর্ডের সময় সরকারি এই জমি ভুলে স্থানীয় লোকজনের নামে রেকর্ড হয়ে যায়। বিষয়টি তাঁরা পরবর্তী আরএস রেকর্ডের সময় ঠিক পান। এরপর তাঁরা মিস মামলার মাধ্যমে ১৪৭৬ নম্বর দাগের প্রায় ১০০ একর জমি সরকারি খতিয়ানে ফেরত আনতে সক্ষম হয়েছেন। কিন্তু ওই জমির দখল এখনো বুঝে পাননি তাঁরা। বাকি জমি ফেরত আনার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান বলেন, বিলটি সরকারি খতিয়ানে ফেরত আনার প্রক্রিয়া চলছে। ফেরত আনার পর শিগগির বিলটি দখলমুক্ত করা হবে।