জাতীয় সংসদের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ৪২ জন শিক্ষক, ৬১ জন চিকিৎসা পরামর্শক, ১৯৮ জন চিকিৎসা কর্মকর্তা ও ১২ জন কর্মকর্তার নিয়োগ বাতিলের সুপারিশ করেছে। সংসদীয় কমিটি দুর্নীতির কারণে আর্থিক ক্ষতি বাবদ সাত কোটি ৮৪ লাখ টাকা আদায় করে বিশ্ববিদ্যালয়ের তহবিলে জমা দেওয়ার জন্য মন্ত্রণালয়ের কাছে সুপারিশ করেছে।গতকাল বৃহস্পতিবার সংসদ ভবনে অনুষ্ঠিত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় এ সব সুপারিশ করা হয়। এ ব্যাপারে জানতে চাইলে কমিটির সদস্য মো. মুরাদ হাসান প্রথম আলোকে বলেন, ‘কার্যপ্রণালি বিধি অনুসারে আমরা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের কাছে কিছু সুপারিশ পেশ করেছি। মন্ত্রণালয় এখন বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের সঙ্গে বসে পরবর্তী করণীয় ঠিক করবে।’এ ব্যাপারে যোগাযোগ করা হলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক প্রাণ গোপাল দত্ত প্রথম আলোকে বলেন, স্থায়ী কমিটি মন্ত্রণালয়ের কাছে সুপারিশ করেছে। এখন মন্ত্রণালয় বিশ্ববিদ্যালয়কে সুপারিশ অনুযায়ী ব্যবস্থা নিতে বললে বিশ্ববিদ্যালয় আইন ও বিধি মোতাবেক পদক্ষেপ নিতে কোনো কার্পণ্য করবে না।জোট সরকারের আমলে বিএসএমএমইউতে নিয়োগ, পদোন্নতি ও কেনাকাটায় ব্যাপক অনিয়ম হয়। সূত্র জানায়, এসব অনিয়ম তদন্তে স্থায়ী কমিটি ২০০৯ সালের ৭ জুন আওয়ামী লীগের সাংসদ মতিউর রহমান (আহ্বায়ক) ও আনোয়ার হোসেনকে (সদস্য) নিয়ে উপকমিটি গঠন করা হয়। উপকমিটি ১২ জানুয়ারি প্রতিবেদন চূড়ান্ত করে। ২৭ জানুয়ারি সংসদীয় স্থায়ী কমিটির সভায় ২৪৬ পৃষ্ঠার প্রতিবেদন জমা দেওয়া হয়। গতকালের সভায় প্রতিবেদন নিয়ে বিস্তারিত আলোচনা শেষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে স্থায়ী কমিটি।স্থায়ী কমিটি বলেছে, ২১৩ জন শিক্ষক, চিকিৎসক ও কর্মকর্তার নিয়োগ বিধিসম্মত হয়নি। জোট সরকারের সময় নিয়োগ পাওয়া ১৯৮ জন চিকিৎসা কর্মকর্তার চাকরি নিয়মিতকরণে অনিয়ম হয়। স্থায়ী কমিটি তাঁদের ৩৪ জনের চাকরি থেকে অব্যাহতির ও ১৬৪ জনের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের বিধিমোতাবেক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে। গতকালের সভায় স্থায়ী কমিটির বিএনপিদলীয় সদস্য জেড আই এম মোস্তাফা আলী উপকমিটির প্রতিবেদনকে পক্ষপাতমূলক বলেন। প্রথম আলোকে তিনি বলেন, সরকারি দলের দুইজন সদস্য এই প্রতিবেদন তৈরি করেছেন। একটি নির্দিষ্ট সময়ের তথ্য তাঁরা তুলে ধরেছেন। যাঁদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে, তাঁদের আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ দেওয়া হয়নি।জোট আমলে দৈনিক মজুরি ও পারিতোষিক ভিত্তিতে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর ৪২১ জন কর্মচারীকে নিয়োগ দেওয়া হয়। তাঁদের ব্যাপারে বিশ্ববিদ্যালয়কে সিদ্ধান্ত নেওয়ার সুপারিশ করেছে স্থায়ী কমিটি।