৩১৫ গ্রাহককে খুঁজে পাওয়া যাচ্ছে না
বিদ্যুতের ৩১৫ জন গ্রাহককে খুঁজে পাওয়া যাচ্ছে না। এই ৩১৫ গ্রাহকের কাছে বিদ্যুৎ বিভাগের পাওনার পরিমাণ ৯৪ লাখ ৭৫ হাজার ৫৮৩ টাকা। আজ মঙ্গলবার সংসদ ভবনে অনুষ্ঠিত সরকারি হিসাব কমিটির বৈঠকে এ তথ্য দিয়েছে বিদ্যুৎ বিভাগ।
বৈঠক শেষে সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। খেলাপি গ্রাহকদের হদিস না পাওয়ার বিষয়টি নিয়ে কমিটি অসন্তোষ প্রকাশ করে। কমিটি এক মাসের মধ্যে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে।
বৈঠকে বিদ্যুৎ বিভাগের ২০১০-২০১১ অর্থবছরের নিরীক্ষা আপত্তি নিয়ে আলোচনা হয়। এর সঙ্গে জড়িত টাকার পরিমাণ ৮৮ কোটি ১ লাখ ৩৯ হাজার ৭৮৬ টাকা। ৬০ দিনের মধ্যে আপত্তিটি নিষ্পত্তির সুপারিশ করেছে।
বৈঠকে বলা হয়, মন্ত্রণালয়ের নির্দেশ উপেক্ষা করে দীর্ঘদিন বিদ্যুৎ বিল পরিশোধ না করা সত্ত্বেও ৪৪২ জন গ্রাহকের সংযোগ বিচ্ছিন্ন না করে বিদ্যুৎ ব্যবহারের সুযোগ দেওয়া হয়েছে। এতে সরকারের ২ কোটি ৯৯ লাখ ৫৫ হাজার ১২৪ টাকা রাজস্ব অনাদায়ি রয়েছে। এ ছাড়া ১২ জন গ্রাহকের সংযোগ বিচ্ছিন্ন না করে বিদ্যুৎ ব্যবহারের সুযোগ দেওয়ায় সংস্থার ৩৫ কোটি ৫২ লাখ ছয় হাজার ৭৩১ টাকা রাজস্ব অনাদায়ি রয়েছে। কমিটি এই টাকা আদায়ে গাফিলতির সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াসহ ৯০ দিনের মধ্যে টাকা আদায়ের সুপারিশ করেছে।
কমিটির সভাপতি মহীউদ্দীন খান আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য আবদুস শহীদ, রুস্তুম আলী ফরাজী, শামসুল হক টুকু ও ওয়াসিকা আয়েশা খান অংশ নেন।