৩১৭ শিক্ষাপ্রতিষ্ঠানকে ধূমপানমুক্ত ঘোষণা
লালমনিরহাটের ৩১৭টি শিক্ষাপ্রতিষ্ঠানকে শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা করা হয়েছে। এ বিষয়ে গতকাল বুধবার জেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয় থেকে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে চিঠি দেওয়া হয়েছে।
গতকাল সকালে লালমনিরহাট সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে শতভাগ ধূমপানমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান ঘোষণার জন্য অ্যাডভোকেসি সভা হয়। এতে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবু তাহের মো. মাসুদ রানা প্রধান অতিথি ছিলেন। সভাপতিত্ব করেন জেলা শিক্ষা কর্মকর্তা এস এম মোসলেম উদ্দিন। বক্তব্য দেন ডেভেলপমেন্ট কাউন্সিলের (ডিসি) নির্বাহী পরিচালক মো. হাফিজুর রহমান, সংস্থার প্রকল্প কর্মকর্তা মো. মোস্তাফিজার রহমান প্রমুখ।
জানতে চাইলে এস এম মোসলেম উদ্দিন বলেন, বাংলাদেশের ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন-২০০৫ ও (সংশোধন) আইন-২০১৩ অনুযায়ী সব শিক্ষাপ্রতিষ্ঠান ধূমপানমুক্ত এলাকার আওতাভুক্ত। তিনি বলেন, ধূমপানের ভয়াবহতার হাত থেকে পরবর্তী প্রজন্মকে রক্ষায় সরকারি-বেসরকারি উদ্যোগে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হচ্ছে। এর অংশ হিসেবে জেলা শিক্ষা কার্যালয়ের পক্ষ থেকে জেলার ২০৬টি উচ্চবিদ্যালয়, ৮৪টি মাদ্রাসা ও ২৭টি মহাবিদ্যালয়কে শতভাগ ধূমপানমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান চালুর জন্য চিঠি দেওয়া হয়েছে। কেউ তা অমান্য করলে উপযুক্ত তথ্য-প্রমাণের ভিত্তিতে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
তবে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সূত্র জানায়, জেলার অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক-কর্মচারীরসহ কোনো কোনো শিক্ষার্থীও শিক্ষাপ্রতিষ্ঠানে ধূমপান করে থাকে। তবে এই চিঠির কারণে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে প্রকাশ্য ধূমপানের প্রবণতা কমে আসতে পারে।