৩১৮ জন আরোহীসহ উদ্ধার হওয়া সেই ট্রলারটি ডুবে গেল
সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়াগামী ৩১৮ জন আরোহীসহ বঙ্গোপসাগর থেকে উদ্ধারকৃত ট্রলারটি বৃহস্পতিবার রাত সাড়ে সাতটার দিকে নাফ নদীর শাহপরীর দ্বীপ জেটির দক্ষিণে ডুবে গেছে।
গত বুধবার সকালে গন্তব্য মালয়েশিয়া ট্রলারে দালালের সন্ত্রাসীদের গুলিতে পাঁচজন আরোহী নিহত হন। পরে কোস্টগার্ড বিকল হয়ে পড়া ট্রলারসহ ৩১৮ জনকে উদ্ধার করে।
কোস্টগার্ড সূত্রে জানা যায়, বুধবার সকালে বঙ্গোপসাগরে মালয়েশিয়াগামী যাত্রীদের দালালের সন্ত্রাসীদের গুলিতে পাঁচজন যাত্রী নিহতসহ অর্ধশতাধিক গুলিবিদ্ধ অবস্থায় ওই বিকল ট্রলারটি উদ্ধার করে বিকেল সাড়ে পাঁচটার দিকে। সেখান থেকে একটি স্পিডবোট ও একটি ট্রলারে করে পাঁচটি মৃতদেহ এবং ৬৮ জনকে রাত দেড়টায় টেকনাফ স্থলবন্দরের অভিবাসন কেন্দ্রের জেটি দিয়ে তাঁদের টেকনাফ হাসপাতালে নিয়ে আসা হয়। পরদিন দুপুর সাড়ে ১২টার দিকে চারটি সার্ভিস ট্রলারে ২৫০ আরোহীকে নিয়ে বিকল ট্রলারটি রশি দিয়ে বেঁধে টেনে টেকনাফে আনার সময় নাফ নদীতে ডুবে যায়।
কোস্টগার্ড টেকনাফ স্টেশনের কমান্ডার লে. কাজী হারুনুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিকল ট্রলারটি রশি দিয়ে বেঁধে টেনে আনার সময় শাহপরীর দ্বীপের জেটির ১০০ গজ দক্ষিণে নাফ নদীতে রশি ছিঁড়ে ট্রলারটি ডুবে যায়। ট্রলারটি নজরদারিতে রয়েছে। উদ্ধার করে টেকনাফে নিয়ে আসার চেষ্টা চলছে এবং ট্রলারটি ডুবে যাওয়ার কথা মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোক্তার হোসেন জানান, ‘কোস্টগার্ড সদস্যরা উদ্ধারকৃত ট্রলারটি আমাদের কাছে হস্তান্তর করতে পারেনি। তবে কোস্টগার্ড বাদী হয়ে যে তিনটি মামলা করছে, ওই মামলায় ট্রলারটি ডুবে হারিয়ে যাওয়ার কথা উল্লেখ করা হয়েছে।