নতুন ভবন নির্মাণ করতে হবিগঞ্জ জেলা সরকারি আধুনিক হাসপাতালের ভেতরের ৩১৯টি মেহগনিগাছ কেটে নিলামে বিক্রি করেছে কর্তৃপক্ষ। বন বিভাগ বাজারের চেয়ে কয়েক গুণ কমে এ গাছগুলোর দাম নির্ধারণ করে দিয়েছে বলে অভিযোগ রয়েছে।
হাসপাতাল কর্তৃপক্ষ ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, ১০০ শয্যার এ হাসপাতালটি ১৯৯৫ সালে শহরের পুরোনো খোয়াই নদের পশ্চিম তীরে পাঁচ একর জায়গার ওপর স্থাপন করা হয়। এ সময় পরিকল্পনা অনুযায়ী হাসপাতালের মূল ভবনের সামনে প্রায় এক একর জায়গার ওপর বেশ কিছু মেহগনিগাছ লাগানো হয়।
জেলা সিভিল সার্জন কার্যালয় আড়াই শ শয্যার হাসপাতাল ভবন নির্মাণের জন্য জেলা পরিবেশ ও বন উন্নয়ন কমিটির কাছে অনুমোদন চায় গাছ কাটার জন্য। কমিটির অনুমোদনের পর স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপসচিব মনিরুজ্জামান স্বাক্ষরিত অপর এক পত্রে গত ২৯ সেপ্টেম্বর জেলা স্বাস্থ্য বিভাগকে এ গাছ কাটার অনুমোদন দেওয়া হয়।
সিভিল সার্জনের কার্যালয় গাছগুলো বিক্রির জন্য ১৭ নভেম্বর নিলামের ডাক দেয়। অবশ্য এর আগে বন বিভাগ এ গাছগুলোর দাম নির্ধারণ করে। একেকটি গাছ ২৫ থেকে ৩০ ফুট লম্বা ও তিন থেকে চার ফুট ব্যাসের। তারা এ ধরনের ৩১৯টি গাছের পরিমাণ নির্ধারণ করে ৮৩৬ ঘনফুট, দাম ধরে এক লাখ ৬৯ হাজার ৬১৯ টাকা। নিলামে অংশ নিতে ১২৩ জন ঠিকাদার দরপত্র সংগ্রহ করলেও ওই দিন ডাকে অংশ নেন ১৭ জন ঠিকদার।
নিলামে সর্বোচ্চ দরদাতা হন আবদুল হাই মহালদার। তিনি এক লাখ ৭২ হাজার ৫০০ টাকায় অর্থাৎ বন বিভাগের নির্ধারিত দামের চেয়ে দুই হাজার ৮৮১ টাকা বেশি দিয়ে এ নিলাম ডাক পান। ঠিকাদার গত বুধবার থেকে গাছ কাটা শুরু করেন।
ব্যবসায়ী ও এলাকাবাসীর অনেকের অভিযোগ, বন বিভাগ বাজারদর অনুসরণ করেনি। তারা নিলাম পাওয়া ঠিকাদারের সঙ্গে গোপনে সমঝোতা করে এ দাম নির্ধারণ করে দেয়।
সহকারী বনসংরক্ষক সাজিদুজ্জামান বলেন, তিনি কিছুই জানেন না। তাঁর বিভাগের রেঞ্জ কর্মকর্তা এ দর নির্ণয় করেছেন। দর নির্ণয়কারী রেঞ্জ কর্মকর্তা ফিরোজ আলম দাবি করেন, যে দাম ধরা হয়েছে তা সরকারি দর অনুযায়ী। সিভিল সার্জন সফিকুর রহমান বলেন, বিধি অনুযায়ী গাছের দাম নির্ধারণের দায়িত্ব বন বিভাগের। তারা এ ক্ষেত্রে অনিয়ম করে থাকলে এর দায়ভার তাদেরই নিতে হবে।
জেলা প্রশাসক এবং জেলা পরিবেশ ও বন উন্নয়ন কমিটির আহ্বায়ক মনীন্দ্র কিশোর মজুমদার বলেন, ‘আমরা শুধু গাছ কাটার অনুমোদন দিই। বন বিভাগ অনিয়ম করলে ব্যবস্থা নেওয়া হবে।’