৩১৯টি গাছ নিলামে অনিয়ম তদন্তের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালের ৩১৯টি গাছ নিলামে অনিয়মের বিষয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক। গত বুধবার দুপুরে জেলা প্রশাসক তাঁর কার্যালয়ে সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাদের ডেকে এ নির্দেশ দেন।
হাসপাতালে আড়াই শ শয্যার নতুন ভবন তৈরির জন্য হাসপাতাল কর্তৃপক্ষ গত ১৯ নভেম্বর ৩১৯টি গাছ কেটে নিলামে বিক্রি করে। বন বিভাগ ওই গাছগুলোর দাম বাজারদরের চেয়ে কয়েক গুণ কম নির্ধারণ করে দেয় বলে অভিযোগ ওঠে। এ নিয়ে গত শনিবার প্রথম আলোয় ‘৩১৯ গাছের নিলামে অনিয়মের অভিযোগ’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।
এরপর বুধবার জেলা প্রশাসক তাঁর কার্যালয়ে সিভিল সার্জন সফিকুর রহমান ও হবিগঞ্জ বন বিভাগের সহকারী বন সংরক্ষক সাজিদুজ্জামানসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের ডেকে পাঠান। তাঁদের উপস্থিতিতে অনিয়মের বিষয়গুলো পর্যালোচনা করা হয়। পরে জেলা প্রশাসক বন বিভাগকে বিষয়টি তদন্তের নির্দেশ দেন।
জেলা প্রশাসক মনীন্দ্র কিশোর মজুমদার বলেন, ‘যেহেতু ঘটনার জন্য বন বিভাগ অভিযুক্ত, সে কারণে এই বিভাগের জেলা কর্মকর্তাকেই দায়িত্ব দিয়েছি বিষয়টি দেখার জন্য।’