৩২ আদিবাসী জাতিগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আদমশুমারি ও গৃহগণনার ফরমে ৩২টি আদিবাসী জাতিগোষ্ঠীর নাম অন্তর্ভুক্ত করার দাবিতে গতকাল রোববার রাজশাহীতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত নগরের সাহেববাজার জিরো পয়েন্টে কয়েকটি বেসরকারি সংস্থা আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক আইন-২০১০ সরকারি গেজেট মোতাবেক ২৭টি আদিবাসী জাতিগোষ্ঠীর নাম আদমশুমারির ফরমে অন্তর্ভুক্ত করা হয়েছে। কিন্তু আরও ৩২টি আদিবাসী জাতিগোষ্ঠীর নাম বাদ পড়ে গেছে। ৩২টি জাতিগোষ্ঠীকে এই আদমশুমারি থেকে বাদ দিয়ে সরকার বৈষম্য সৃষ্টি করছে। তাঁরা অবিলম্বে তাদের নাম এই ফরমে অন্তর্ভুক্ত করার দাবি জানান। অন্যথায় বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুমকি দেন বক্তারা। জাতীয় আদিবাসী পরিষদের রাজশাহী জেলা শাখার সভাপতি বিমলচন্দ্র রাজোয়াড়ের সভাপতিত্বে কর্মসূচিতে উপস্থিত ছিলেন পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি অনিল মারান্ডি, আদিবাসী সাংস্কৃতিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক রাজকুমার শাও, আদিবাসী সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক গনেশ মার্ডি, ব্রতী প্রতিনিধি মাজেদুল ইসলাম, আস্থা নেটওয়ার্কের সাধারণ সম্পাদক দেবাশীষ প্রামাণিক, আদিবাসী বিকাশ কেন্দ্রের নির্বাহী পরিচালক বেঞ্জামিন হাসদা প্রমুখ। বাদ পড়া আদিবাসী জাতিগোষ্ঠীর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে রাজোয়াড়, তেলী, তুরি, কর্মকার, মালো, মাহাতো, রাজবংশী, গন্ড, পাটনি, বাগদি, মাহালী, মুশোহর, ভুঁইমালি, গোড়াত, চাঁই, বাইছনি, লহরা, হাঁড়ি, ঘাটোয়াল, দুষাত, চাঁড়াল, ডহরা, ভূমিজ, আঙ্গুয়াররাজোয়াড়, বেতিয়া, নুনিয়া হাঁড়ি, ভুঁইয়া, রবিদাস, রাই, বেদিয়া, শিং ও পাহান।