৩২ ঘণ্টা পর মিলল বিজিবি সদস্যের লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গরু চোরাকারবারিদের ধাওয়া করতে গিয়ে তিস্তা নদীতে পড়ে নিখোঁজ হন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য সুমন মিয়া (৩০)। এর প্রায় ৩২ ঘণ্টা পর তাঁর লাশ উদ্ধার করা হয়েছে।

সুমন মিয়া লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের দহগ্রাম বিজিবি ক্যাম্পে ল্যান্স নায়েক হিসেবে কর্মরত ছিলেন। আজ বুধবার সকাল ১০টার দিকে তিস্তা নদীর ভারতীয় অংশে তাঁর লাশ উদ্ধার করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

বিষয়টি নিশ্চিত করেন লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোরশেদ। গত সোমবার রাত দুইটার দিকে দহগ্রামের আবুলের চর এলাকায় গরু পারাপারকারীদের ধাওয়া করতে গিয়ে তিস্তা নদীতে পড়ে নিখোঁজ হন সুমন। তাঁর বাড়ি হবিগঞ্জ সদর উপজেলায়।

বিজিবি সূত্র জানায়, বুধবার সকাল ১০টার দিকে লালমনিরহাটের পাশের জেলা নীলফামারীর ডিমলা উপজেলার চর খড়িবাড়ি এলাকার অদূরে তিস্তা নদীর ভারতীয় অংশে একটি লাশ ভাসতে দেখা যায়। পরে ভারতের বরুন ক্যাম্পের বিএসএফের সদস্যরা ওই লাশ উদ্ধার করে বিষয়টি বিজিবিকে জানায়। বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা সেখানে গিয়ে লাশ শনাক্ত করেন। আজ বেলা দুইটার দিকে বিজিবির কাছে লাশ হস্তান্তর করে বিএসএফ।

বিজিবি সদস্য সুমন মিয়ার লাশ স্পিডবোটে করে বিকেল চারটার দিকে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার তিস্তা ব্যারাজ এলাকায় আনা হয়। সেখানে বিজিবি রংপুরের রিজিওনাল কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম সাইফুল ইসলাম ও রংপুর সেক্টর কমান্ডার কর্নেল আবুল কালাম আযাদ, লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোরশেদ প্রমুখ উপস্থিত ছিলেন। বিকেল সোয়া চারটার দিকে বিজিবির একটি অ্যাম্বুলেন্স লাশ নিয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের দিকে রওনা হয়। সেখানে ময়নাতদন্তের পর পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে বলে বিজিবি সূত্রে জানা গেছে।