৩২ জওয়ানের জবানবন্দি নেওয়া ম্যাজিস্ট্রেটকে জেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিলখানা হত্যা মামলায় ৩২ জন আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণ করা ম্যাজিস্ট্রেট শামীমা পারভীনকে গতকাল বুধবার জেরা করেছেন আসামিপক্ষের আইনজীবীরা। জেরায় এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তাঁদের জবানবন্দি গৎবাঁধা ছিল না।রাজধানীর বকশীবাজারে আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত অস্থায়ী মহানগর দায়রা জজ আদালতে এ মামলার বিচারকাজ চলছে। বিচারক জহুরুল হক এজলাসে আসার পর সকাল সাড়ে নয়টার দিকে মামলার কার্যক্রম শুরু হয়। এরপর সাক্ষী ম্যাজিস্ট্রেট শামীমা পারভীন তাঁর অসমাপ্ত জবানবন্দি শুরু করেন। ৬ আগস্ট তাঁর জবানবন্দি অসমাপ্ত অবস্থায় কার্যক্রম মুলতবি করা হয়েছিল।সকাল সাড়ে নয়টার দিকে এই মামলার গুরুত্বপূর্ণ সাক্ষী সরকারি দলের হুইপ মির্জা আজম সাক্ষ্য দিতে আসেন। কিন্তু শামীমা পারভীনকে আসামিপক্ষের জেরা শেষ না হওয়ায় তিনি সাক্ষ্য দিতে পারেননি। কিছুক্ষণ পর তিনি আদালত থেকে চলে যান। রাষ্ট্রপক্ষের কৌঁসুলিরা জানান, আগামী ধার্য তারিখ ১৩ আগস্ট তিনি সাক্ষ্য দিতে পারেন।শামীমা পারভীন জবানবন্দিতে তাঁর কাছে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দেওয়া ৩২ আসামির প্রত্যেকের নাম বলেন এবং তাঁরা কীভাবে জবানবন্দি দিয়েছিলেন তা তুলে ধরেন। ওই জবানবন্দি গ্রহণের সময় তিনি ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট ছিলেন। জবানবন্দি শেষে শামীমা পারভীনকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবী আমিনুল ইসলাম, মো. শাহজাহান, শফিকুল ইসলাম, শামীম সরদার ও ফারুক আহমেদ।ওই ৩২ আসামির কেউ নিজের ‘দোষ’ স্বীকার করে জবানবন্দি দেননি—আইনজীবীদের এ কথায় শামীমা পারভীন বলেন, জবানবন্দিতে তাঁর দেওয়া সার্টিফিকেটে শুধু স্বীকারোক্তিমূলক জবানবন্দি লেখা রয়েছে, এর আগে ‘দোষ’ শব্দটি লেখা হয়নি। ৩২ আসামির প্রত্যেককে জবানবন্দি নেওয়ার আগে তিন ঘণ্টা করে সময় দেওয়া হয়, কাউকে কম বা বেশি সময় দেওয়া হয়নি। এটা গৎবাঁধা জবানবন্দি কি না—এ প্রশ্নে তিনি বলেন, যতটুকু সময় দেওয়া প্রয়োজন মনে হয়েছে, ততটুকু দেওয়া হয়েছে। এটা গৎবাঁধা নয়।তিনজন আসামির নাম উল্লেখ করে একজন আইনজীবী বলেন, এই তিন আসামির বাড়ি তিন জেলায়। জবানবন্দি গ্রহণের নিয়ম অনুযায়ী তাঁরা যা বলবেন, তাই লিখতে হবে। কিন্তু তাঁদের জবানবন্দি প্রচলিত চলিত ভাষায় লেখা রয়েছে। এর জবাবে সাক্ষী শামীমা পারভীন বলেন, তাঁরা যা বলেছেন, তাই লেখা হয়েছে। আইনজীবী বলেন, সবার বক্তব্য এক ভাষায় লেখার বিষয়টি প্রমাণ করে, আগে থেকে এসব বক্তব্য লিখে রাখা হয়েছে। জবাবে তিনি বলেন, এটা সত্য নয়।আইনজীবী বলেন, আসামির কথামতো জবানবন্দি না লিখে আপনি নিজের মতো লিখেছেন। জবাবে সাক্ষী বলেন, এটা সত্য নয়। জবানবন্দি নেওয়া ছাপানো ফরমের বাইরে অতিরিক্ত পাতায় আপনার স্বাক্ষর নেই—আইনজীবীর এ কথায় তিনি বলেন, শেষ পাতায় স্বাক্ষর আছে।গ্রেপ্তারের পর থেকে জবানবন্দি গ্রহণের আগে পর্যন্ত আসামিরা কার হেফাজতে ছিলেন—এ প্রশ্নের জবাবে শামীমা পারভীন বলেন, তাঁরা সিআইডি পুলিশের হেফাজতে ছিলেন। জবানবন্দি নেওয়ার সময় আসামির শরীরে নির্যাতনের চিহ্ন ছিল কি না জানতে চেয়েছিলেন—জবাবে তিনি বলেন, জিজ্ঞাসা করা হয়।আসামিকে রাজসাক্ষী করার কোনো প্রস্তাব দেওয়া হয়েছিল কি না, জবানবন্দি নেওয়ার আগে জানতে চেয়েছিলেন—এ প্রশ্নের জবাবে ম্যাজিস্ট্রেট বলেন, না, হয়নি।শামীমা পারভীনের জেরা অসমাপ্ত অবস্থায় ১৩ আগস্ট পর্যন্ত কার্যক্রম মুলতবি করা হয়।