মিয়ানমারের বিভিন্ন কারাগারে সাজা খাটা রোহিঙ্গা শরণার্থীসহ ৩২ জনকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করেছে দেশটির কর্তৃপক্ষ৷ গতকাল মঙ্গলবার সকালে মিয়ানমারের মংডু শহরে বিজিবি ও দেশটির জাতীয় অভিবাসন সংস্থার মধ্যে এক পতাকা বৈঠক শেষে এঁদের তুলে দেওয়া হয়৷
বিজিবি সূত্র জানায়, গতকাল সকালে মংডু শহরে বিজিবির একটি প্রতিনিধিদলের সঙ্গে মিয়ানমারের অিভবাসন সংস্থার একটি প্রতিনিধিদলের বৈঠক হয়৷ বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন ৪২ বিজিবি, টেকনাফ সদর বিওপির কোম্পানি কমান্ডার সুবেদার মো. জাকারিয়া৷ মিয়ানমারের পক্ষে ছিলেন মংডু অভিবাসন কেন্দ্রের কর্মকর্তা উথান তান লে৷ বৈঠক শেষে দুপুর ১২টার দিকে দেশটিতে বিভিন্ন অপরাধে সাজা ভোগ করা ওই ৩২ জনকে বিজিবির কাছে হস্তান্তর করা হয়৷ পরে বিজিবি প্রতিনিধিদলটি টেকনাফ ফেরত এসে তাঁদের পুলিশের কাছে সোপর্দ করে৷ এঁদের মধ্যে ১৭ জন রয়েছেন উখিয়ার কুতুপালং ও টেকনাফের নোয়াপাড়া শরণার্থী শিবিরের রোহিঙ্গা৷ অন্যরা টেকনাফ, মহেশখালী, চকরিয়া ও কক্সবাজার সদর উপজেলার বাসিন্দা৷
ফেরত আসা টেকনাফের বাসিন্দা মো. আলম জানান, দুই বছর আগে দালালের মাধ্যমে তিনিসহ ৮৮ জন একটি ট্রলারে মালয়েশিয়া যাচ্ছিলেন৷ পথে ট্রলারটি সাগরে বিকল হয়ে মিয়ানমারের জলসীমায় পেঁৗছালে সে দেশের নৌবাহিনী তাঁদের আটক করে কারাগারে পাঠায়৷ কারাগারে এক বাংলাদেশি মারাও গেছেন৷ বুচিদং ও আকিয়াব কারাগারে এখনো দেড় শতাধিক বাংলাদেশি অত্যন্ত মানবেতর অবস্থায় রয়েছেন৷
৪২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবুজার আল জাহিদ বলেন, সম্প্রতি মিয়ানমারের কর্তৃপক্ষ সে দেশে কথিত বাংলাদেশি বন্দীদের একটি তালিকা বিজিবির কাছে পাঠায়৷ তালিকাটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানোর পর যাচাই-বাছাইয়ের পর ওই ৩২ জনকে দেশে আনার অনুমতি দেয় মন্ত্রণালয়৷