৩২ জনের মনোনয়নপত্র বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার দোহার পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে প্রাথমিক অবস্থায় মেয়র পদে ছয়জন, সংরক্ষিত কাউন্সিলর পদে তিনজন ও সাধারণ কাউন্সিলর পদে ২৩ জনকে বাতিল ঘোষণা করা হয়েছে। কর পরিশোধ না করায় সদ্য সাবেক মেয়র বাদ পড়েছেন। নির্বাচন কার্যালয় থেকে জানা যায়, মনোনয়নপত্র বাছাইয়ের শেষ দিনে গত রোববার মেয়র পদপ্রার্থীসহ ৩২ জন তাঁদের মনোনয়নপত্রে ভুল তথ্য পরিবেশন ও প্রয়োজনীয় কাগজপত্র সঠিকভাবে সংযুক্ত না করায় রিটার্নিং কর্মকর্তা তাঁদের মনোনয়ন বাতিল ঘোষণা করেন। এ ক্ষেত্রে প্রার্থীরা ৩০ এপ্রিল পর্যন্ত আপিল করার সুযোগ পাবেন। ৪ মে পর্যন্ত এ বিষয়ে শুনানি হবে।পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আবদুর রহিমের গত পাঁচ বছরের কর বকেয়া রয়েছে। উপজেলা বিএনপির সভাপতি ও মেয়র পদপ্রার্থী সাহাবুদ্দীন আহমেদের বিরুদ্ধে মামলা থাকলেও তা মনোনয়নপত্রে উল্লেখ করা হয়নি। আবদুর রহিম মিয়া জানান, তাঁর বিরুদ্ধে যে অভিযোগ, সে বিষয়ে তিনি আপিল করছেন। তবে কর পরিশোধ না করার বিষয়টি তিনি স্বীকার করেছেন। দোহার পৌরসভার নির্বাচন আগামী ২৫ মে। নির্বাচনে মেয়র ও নয়টি ওয়ার্ডের কাউন্সিলর পদে ১০৪ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন।